নিউজ পোল ব্যুরো: অমরনাথ যাত্রা শুরু পরেই খারাপ খবর। শুক্রবার সকালে জম্মু-শ্রীনগর ন্যাশান্যাল হাইওয়েতে চন্দরকোটের কাছে অমরনাথ তীর্থযাত্রীদের (Amarnath pilgrims) বহনকারী চারটি বাসের সংঘর্ষে ঘটে গিয়েছে দুর্ঘটনা। একের পর এক বাসের সংঘর্ষে ৩৬ জন যাত্রী আহত হয়েছেন।
সূত্রের খবর, একটি বাসের ব্রেক ফেইল হয়ে যাওয়ার ফলে পরপর বাসের সংঘর্ষ হয়। আধিকারিকরা জানিয়েছেন, চন্দরকোট ল্যাঙ্গার সাইটের কাছে দুর্ঘটনাটি ঘটে যখন পহেলগাঁওগামী কনভয়ের শেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের যানবাহনগুলিকে ধাক্কা দেয়। বাসগুলি জম্মুর ভগবতী নগর থেকে দক্ষিণ কাশ্মীরের পহেলগাম বেস ক্যাম্পের দিকে যাচ্ছিল। সংঘর্ষে চারটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ৩৬ জন যাত্রী আহত হন। সৌভাগ্যের বিষয় কেউ গুরুতর আহত হননি এবং প্রাণহানি ঘটেনি। রামবানের ডেপুটি কমিশনার X-এ জানিয়েছেন,”পহেলগাঁওতে কনভয়ের শেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে চন্দরকোট ল্যাঙ্গার সাইটে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলিকে ধাক্কা দেয়, যার ফলে চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ৩৬ জন যাত্রী সামান্য আহত হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত জেলা প্রশাসন আহতদের তাৎক্ষণিকভাবে ডিএইচ রামবানে স্থানান্তরিত করে।”
স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। আহতদের রামবান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডেপুটি কমিশনার খান, ডিআইজি ডিকেআর শ্রীধর পাতিল, এসএসপি রামবান কুলবীর সিং এবং এডিসি বরুণজিৎ সিং চরক সমস্ত বিষয় পরিদর্শন করেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা প্রদানের জন্য সিএমও-কে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং অমরনাথ তীর্থযাত্রীদের (Amarnath pilgrims) দুর্ঘটনার বিষয়ে রামবানের ডেপুটি কমিশনার মোহাম্মদ আলিয়াস খানের সাথে কথা বলেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, বার্ষিক অমরনাথ যাত্রা ৩ জুলাই শুরু হয়েছে। তীর্থযাত্রীদের প্রথম দলগুলি দক্ষিণ কাশ্মীর হিমালয়ের ৩,৮৮০ মিটার উঁচু গুহা মন্দিরের দিকে রওনা দেন, যেখানে প্রাকৃতিকভাবে তৈরি একটি বরফের শিবলিঙ্গ রয়েছে। অমরনাথ যাত্রায় চলতি বছরে নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
