নিউজ পোল ব্যুরো: সদ্য রাজ্যসভাপতির পদে বসেছেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। দায়িত্ব নিয়েই নিচ্ছেন একের পর এক বড় পদক্ষেপ। বুঝিয়ে দিয়েছেন তাঁর লক্ষ্য এক্টাই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। ছন্নছাড়া বিজেপিকে এক করার লক্ষ্য নিয়েছেন। ক্ষমতা হাতে আসতেই শমীক সাফ বার্তা দিয়েছেন তাঁর কাছে ব্যক্তি নয় বরং দলই আগে। সেই কথা যে কেবল মুখের কথা নয় তাও কাজে করেই স্পষ্ট করে দিয়েছেন। মুরলি ধর সেন লেনে বিজেপির দলীয় কার্যালয়ে নিজের ছবির বদলে দলীয় প্রতীক পদ্মের বড়সড় ফ্লেক্স লাগানোর নির্দেশ দিয়েছেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো এতদিন সকলে দেখে এসেছে রাজ্য বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের সময়ে ব্যাকগ্রাউন্ডে থাকত রাজ্য সভাপতির ছবি দেওয়া ফ্লেক্স। সেটাই সরিয়ে দিলেন সমীক। নিজেকে নয় দলকে প্রধান্য দিয়ে রাজ্য সভাপতি সাফ জানিয়েছেন, মুখ নয়, প্রতীক বড়। এমনকি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নিতেও নাকি রাজি নন শমীক। এমনটাই খবর সূত্রে। রাজনৈতিক মহল বলছে রাজ্যের নতুন বিজেপি সভাপতি মাটি থেকেই বিজেপির ভিত শক্ত করতে চাইছেন এবং পৌঁছাতে চাইছেন সাধারণ মানুষের কাছে। সকলকে নিয়েই যে তিনি কাজ করতে চান সে কথাও স্পষ্ট করে দিয়েছেন।
আরও পড়ুন: BJP Bengal 2026: নিশানা ২৬! পুজোর পরই প্রকাশ্যে বিজেপির ‘নতুন বাংলা’ রোডম্যাপ, নেতৃত্বে সুকান্ত
নিজকে নয় বরং দলকেই যে গুরুত্ব দিচ্ছেন শমীক (Samik Bhattacharya) তা লক্ষ্য করা গিয়েছে দায়িত্ব নেওয়ার দিন থেকেই। শুভেন্দু অধিকারী যেখানে উগ্র হিন্দুত্ববাদের প্রচার করেছেন সেখানে সমীক দিয়েছেন হিন্দু-মুসলিম এক হয়ে লড়াই করার বার্তা। সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘আমরা চাই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা এবং মহরমের মিছিল একই সঙ্গে, একই সময়ে, একই রাস্তা দিয়ে চলুক। কোনও সাম্প্রদায়িক সংঘর্ষ, বিভাজন হবে না। পশ্চিমবঙ্গের বহুত্ববাদকে বাঁচাতে হবে।’ দলের নবনির্বাচিত ক্যাপ্টেন লড়াই নিয়ে বলেছেন, “এটা একটা টিম গেম। সঙ্ঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গে বিজেপি লড়াই করবে। এই নতুন-পুরনোর দ্বন্দ থাকবে না। জামানত বাজেয়াপ্ত হবে জেনেও যাঁরা ঘাম – রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন। তারা না থাকলে দল এই জায়গায় আসত না। যারা নতুন এসেছেন, অত্যন্ত সক্রিয়ভাবে বিজেপি করছেন তারাও থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। পুরনোদেরও বুঝতে হবে সংগঠনের বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না।’
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
