নিউজপোল ব্যুরো: একদিকে সপ্তমীর উৎসবের আমেজ, অন্যদিকে আকাশজুড়ে বৃষ্টি। তারই মধ্যে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন ঘিরে বাড়ল রাজনৈতিক তৎপরতা। শনিবার সন্ধ্যায় আহমেদাবাদ থেকে বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। বৃষ্টি উপেক্ষা করেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বহু কর্মী-সমর্থক ও অনুরাগী। শাহের আগমন ঘিরে তাঁদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
শনিবার রাতে আলিপুরের সৌজন্য অতিথিশালায় রাত্রিবাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সকাল থেকেই রয়েছে একাধিক কর্মসূচি। বেলুড় মঠে যাওয়ার পাশাপাশি কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করার কথা তাঁর। তালিকায় রয়েছে শ্রীভূমির দুর্গাপুজোও।
এ ছাড়াও উত্তর কলকাতার ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ির পুজো দেখতে যাবেন অমিত শাহ। চলতি বছর ২৭০ বছরে পা দিয়েছে এই বনেদি বাড়ির দুর্গাপুজো। শাহের আগমন উপলক্ষে রাজবাড়িতে প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। বৃষ্টিভেজা সপ্তমীর পর রবিবার শাহের পুজো পরিক্রমা ঘিরে এখন নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।
