নিউজপোল ব্যুরো: সপ্তমীর সন্ধ্যায় প্রতিমা দর্শনের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে। বৃষ্টি উপেক্ষা করে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড় থেকেই শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়। পুজো মণ্ডপের বেরনোর গেটে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনায় একাধিক দর্শনার্থী আহত হয়েছেন।
আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। চোরবাগানে পদপিষ্টের ঘটনায় ১৭ জনের প্রাণহানির আশঙ্কা, আহত বহু দর্শনার্থী। উদ্ধারকাজে হাত লাগান বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। আহতদের তড়িঘড়ি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্তত ৪০ জনকে সেখানে নিয়ে আসা হয়েছে। তবে আহতদের সঠিক সংখ্যা এবং তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
দুর্ঘটনার পর নিরাপত্তার কথা মাথায় রেখে চোরবাগানের পুজো মণ্ডপে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দিয়েছে পুলিশ। পরিস্থিতির খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে, দুর্ঘটনার পর সাধারণ মানুষের সহায়তার জন্য রাজ্য সরকারের তরফে টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। প্রয়োজনে ১৮০০৩৪৫৫৬৭৮ নম্বরে যোগাযোগ করা যাবে। মৃত্যুর সংখ্যা নিয়ে এখনও সরকারি ভাবে কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি।
