ঢাকের তালে উৎসব, পরিচ্ছন্নতায় নজর! কলকাতার ৭ মণ্ডপে ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগ

কলকাতা

নিউজপোল ব্যুরো:ঢাকের বোল, আলোর রোশনাই আর দর্শনার্থীদের ভিড় এতেই জমজমাট কলকাতার দুর্গাপুজো। এই উৎসবের আনন্দর সাথে যাতে পরবর্তীতে আবর্জনার পাহাড় না জমে,তার জন্য‌অভিনব লক্ষ টান্ডন গোষ্ঠী ও ইন্ডিয়ান প্লাস্টিকস ফেডারেশন (আইপিএফ)। কলকাতা পুরসভা ও বিধাননগর পুরসভার সহযোগিতায় শুরু হয়েছে ‘জ়িরো ওয়েস্ট দুর্গাপুজো ২০২৬’ কর্মসূচি।

কলকাতার সাতটি গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপকে বেছে নেওয়া হয়েছে এই জিরো ওয়েস্ট দূর্গাপুজায়। এই তালিকায় রয়েছে কলেজ স্কোয়্যার, টালা প্রত্যয়, ভবানীপুরের হরিশ পার্ক ব্যায়াম সমিতি ও অবসর সর্বজনীন দুর্গোৎসব সমিতি, সিংহী পার্ক, মুদিয়ালি এবং সল্টলেক সাংস্কৃতিক সংসদ। পুজোর শুরু থেকে দশমী পর্যন্ত এই মণ্ডপগুলি যাতে পরিচ্ছন্ন থাকে তার জন্য আছে ১২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক।

মণ্ডপ চত্বর পরিষ্কার রাখার পাশাপাশি বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনর্ব্যবহারের গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য আলাদা করা হচ্ছে। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পাঠানো হচ্ছে রিসাইক্লিংয়ের জন্য। অন্যদিকে, জৈব বর্জ্য থেকে তৈরি করা হচ্ছে সার।

উদ্যোক্তাদের মতে, পুজোর সময়ে কলকাতায় প্রতিদিন অতিরিক্ত প্রায় এক হাজার টন কঠিন বর্জ্য তৈরি হয়। উৎসবের উপকরণকে পরিবেশবান্ধব করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।