নিউজপোল ব্যুরো: এবার তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় ও ওয়ার্ড অফিস থেকে সন্দেহজনক নথিপত্র এবং কন্ডোমের প্যাকেট উদ্ধারের দাবিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে গতকাল রাতে তালা ভেঙে ঢোকেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। সেখানে আলমারি খুলতেই চোখ কপালে ওঠে সবার। একের পর এক ফাইলের পাশাপাশি উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা ভেতরের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে সেখানে নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দেন। এই ঘটনা নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তবে শুধু ডেবরা নয়, একই ছবি ধরা পড়েছে খোদ কলকাতাতেও। পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের অফিস ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণের সামগ্রী ও কন্ডোমের পাশাপাশি কলকাতা পুরসভায় নিয়োগের একটি খাতাভর্তি তালিকা উদ্ধার হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিটিং করে স্বাস্থ্য ও সাফাই বিভাগে নিজেদের পছন্দের লোকেদের চাকরি দেওয়ার জন্য এই তালিকা তৈরি করা হয়েছিল। যদিও কাউন্সিলরের দাবি, ওই অফিসের চাবি তাঁর কাছে থাকে না।
উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে অভিযোগগুলির সত্যতা নিয়ে এখনও সরকারি বা তদন্তকারী সংস্থার কোনও চূড়ান্ত বক্তব্য সামনে আসেনি। এখন সবার নজর পুলিশের তদন্তের দিকে।
