Bengal Assembly Election 2026:”২০ পার করলেই লটারি” বিজেপিকে নিয়ে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী ফিরহাদের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বসন্তের তপ্ত দুপুরে বঙ্গ রাজনীতির পারদ আজ এক ধাক্কায় শিখরে পৌঁছে গেল। একদিকে দিল্লির নির্বাচন সদন থেকে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণার তোড়জোড় চলছে, আর অন্যদিকে তার ঠিক আগেই তৃণমূলের হেভিওয়েট নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এক বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। বিকেল ৪টেয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করে ভোটের দিনক্ষণ ঘোষণা করবেন, কিন্তু তার আগেই মেয়রের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র চাপানউতোর।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/15/ashok-bhattacharya-confesses-left-vote-transfer-to-bjp-siliguri-rally-mohammed-selim/

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন যে, আসন্ন নির্বাচনে বিজেপি ডাবল ডিজিট ছুঁতে পারবে কি না তা নিয়েই বড়সড় সন্দেহ আছে। গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, বিজেপি যদি ২০টা আসনও পায়, তবে সেটাই তাদের জন্য অনেক বড় বিষয় হয়ে দাঁড়াবে এবং ওটা হবে অনেকটা লটারি জেতার মতো। মেয়রের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই পদ্ম শিবিরের অন্দরে অস্বস্তি বাড়তে শুরু করেছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে এবার ভোট গ্রহণ করা হবে মূলত এপ্রিল মাস জুড়ে। গত ২০২১ সালের নির্বাচনের মতো এবারও আট দফায় ভোট হবে কি না তা নিয়ে জল্পনা থাকলেও প্রশাসনিক মহলের একাংশ মনে করছে এবার দফার সংখ্যা কিছুটা কমতে পারে। তবে নিরাপত্তার প্রশ্নে কমিশন কোনো আপস করতে নারাজ। ফিরহাদ হাকিম অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যে ভোট যত দফাতেই হোক, তৃণমূলের জয় সুনিশ্চিত। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন যে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে সেটা তাদের কাজ, কিন্তু তৃণমূল ভোটকে ভয় পায় না কারণ তাদের সংগঠন সারাবছর মানুষের জন্য কাজ করে। বিরোধীদের ‘বসন্তের কোকিল’ আখ্যা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

উল্লেখ্য, গত ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসন জিতে এক ঐতিহাসিক জয় নথিবদ্ধ করেছিল। এবারও চতুর্থবারের জন্য নবান্ন দখলের লড়াইয়ে ঘাসফুল শিবির যে এক ইঞ্চিও জমি ছাড়বে না, মেয়রের কথাতেই তা স্পষ্ট। আজ বিকেল ৪টের পর থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে আদর্শ আচরণবিধি বা ‘মডেল কোড অফ কন্ডাক্ট’, ফলে কোনো নতুন প্রকল্পের ঘোষণা বা শিলান্যাস আর করা যাবে না। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুডুচেরিতেও আজই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন (Bengal Assembly Election 2026)। মে মাসের প্রথম সপ্তাহেই ভোটের ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এখন দেখার, ফিরহাদের এই ভবিষ্যদ্বাণী বাস্তবের মুখ দেখে নাকি বিজেপি শেষ মুহূর্তে কোনো চমকপ্রদ ফল করে।