টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার অনুব্রতর প্রাক্তন রক্ষীর ডেরায় পুলিশের মেগা অপারেশন? তবে কি সাইগেল হোসেনের ফ্ল্যাট থেকে মিলবে বিপুল নগদ?

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য
নিউজপোল ব্যুরো: বীরভূমের কয়লা, বালি ও পাথর ব্যবসার আড়ালে চলা হাজার কোটি টাকার বেআইনি সাম্রাজ্যের শিকড় উপড়ে ফেলতে এবার নজিরবিহীন অ্যাকশন মোডে নামল জেলা পুলিশ। পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিপুল দুর্নীতির খোঁজে শনিবার সকাল থেকেই বোলপুরের দুটি আলাদা ডেরায় যুগপৎ সাঁড়াশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। এ
বোলপুর বাইপাসের একটি বিলাসবহুল আবাসন প্রকল্পে, যেখানে জেলা তৃণমূলের জেলবন্দি প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন ছায়াসঙ্গী তথা দেহরক্ষী সাইগেল হোসেনের একাধিক ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকেছেন লালবাজার ও বীরভূম পুলিশের দুঁদে গোয়েন্দারা। গোপন সূত্রে খবর, এই ফ্ল্যাটগুলির ভেতরেই লুকিয়ে রাখা হয়েছে খনি জালিয়াতির কোটি কোটি কালো টাকা ও বেআইনি লগ্নির গুচ্ছ গুচ্ছ বিস্ফোরক দলিল।
তদন্তকারীদের সূত্র জানা গেছে , দিনকয়েক আগে সিউড়ি থেকে ধৃত ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাসের কাছ থেকে এবং টুলুর ডায়েরি থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে আসে। সেই সূত্র ধরেই এই মেগা তল্লাশি অভিযান। একদিকে যখন বাইপাসের ফ্ল্যাটে কোটি কোটি টাকার ক্যাশ খোঁজার ম্যারাথন তল্লাশি চলছে, ঠিক তখনই পুলিশের আরেকটি বিশাল টিম হানা দেয় বোলপুরের খাসপাড়ায়। সেখানে খোঁজ মেলে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের এক রাজকীয় বাংলোর। কয়েক কোটি টাকা মূল্যের এই আলিশান প্রাসাদের অন্দরে রয়েছে নিজস্ব সুইমিং পুলসহ এলাহী সব আয়োজন। কিন্তু পুলিশ যখন সেখানে পৌঁছায়, তখন বাড়িটি সম্পূর্ণ জনশূন্য ছিল এবং প্রধান ফটকে ঝুলছিল মস্ত বড় তালা।
তবে অপরাধীদের কোনো চালাকিই যে আজ খাটবে না, তা স্পষ্ট করে দিয়েছে বীরভূম জেলা পুলিশ। বাড়ি লকড দেখে ফিরে যাওয়া দূর অস্ত, খাসপাড়ার ওই বিলাসবহুল মহলের গেট ভাঙতে পুলিশ গাড়ি থেকে নামায় ছেনি, হাতুড়ি ও ভারী গ্যাস কাটার। প্রয়োজনে রাজপ্রাসাদের লোহার গেট ও লকার কেটে ভেতরে ঢোকার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ বাহিনী। গোটা খাসপাড়া ও বাইপাস এলাকাটি বর্তমানে পুলিশের সশস্ত্র বাহিনী দিয়ে দুর্গের মতো ঘিরে ফেলা হয়েছে যাতে কোনোভাবেই ভেতরের কোনো তথ্যপ্রমাণ বাইরে পাচার হতে না পারে।