Narendra Modi:‘৩ থেকে ২০০-র বেশি বিধায়ক’, বেঙ্গালুরুতে দাঁড়িয়ে বাংলায় বিজেপির উত্থানের উদাহরণ মোদীর!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি এবং একের পর এক niuরাজ্যে গেরুয়া শিবিরের উত্থানের প্রসঙ্গ তুলে রবিবার বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গে দলের ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসাকে ‘অসাধারণ রাজনৈতিক পরিবর্তন’ হিসেবে ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/05/10/cpim-liberation-message-after-mamata-opposition-unity-call-bengal-politics/

বেঙ্গালুরুর এক জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “মাত্র ১০ বছর আগে পশ্চিমবঙ্গে বিজেপির মাত্র তিন জন বিধায়ক ছিলেন। আর আজ সেই রাজ্যেই ২০০-র বেশি বিধায়ক নিয়ে বিজেপি সরকার গঠন করেছে।” তাঁর এই মন্তব্যে স্পষ্টভাবে উঠে আসে বাংলায় বিজেপির সাংগঠনিক বিস্তার এবং রাজনৈতিক প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছে। অন্যদিকে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নিজেও। মঞ্চ থেকে বাংলার জনগণকে প্রণাম জানিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

রবিবার বেঙ্গালুরুতে একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেখান থেকেই তিনি কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং পুদুচেরিতে বিজেপি ও এনডিএ-র রাজনৈতিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তাঁর বক্তব্য, “কর্নাটকে একসময় বিজেপির খুব বেশি শক্তি ছিল না। আজ সেখানে বিজেপি অন্যতম প্রধান শক্তি। অন্ধ্রপ্রদেশে এনডিএ সরকার রয়েছে, তেলঙ্গানায় বিজেপি দ্বিতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠেছে। পুদুচেরিতেও দ্বিতীয়বার এনডিএ সরকার গঠিত হয়েছে।”

একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির উত্থানকে “জনসমর্থনের প্রতিফলন” বলেও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, মানুষ অপশাসন, দুর্নীতি এবং রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিজেপি বাংলার মানুষকে “ভয়মুক্ত ও উন্নয়নমুখী” প্রশাসনের আশ্বাস দিয়েছিল, আর সেই বিশ্বাস থেকেই মানুষ দলকে ক্ষমতায় এনেছে।

এদিন তামিলনাড়ু এবং কেরলের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে ফল ঘোষণার পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা উল্লেখ করে মোদী বলেন, “ফল প্রকাশের পরেও সেখানে সরকার গঠন হচ্ছিল না।” পাশাপাশি কেরলে সরকার গঠন প্রসঙ্গে কংগ্রেসকেও কটাক্ষ করতে শোনা যায় তাঁকে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বেঙ্গালুরুর মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী কার্যত বিজেপির সর্বভারতীয় বিস্তারের রাজনৈতিক বার্তাই দিতে চেয়েছেন।