নিউজ পোল ব্যুরো:মন্ত্রী পদে শপথ নেওয়ার পরদিনই কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিজেপি নেত্রী তথা সদ্য শপথ নেওয়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রবিবার সকালে কালীঘাটের মূল মন্দির-সহ আশপাশের একাধিক মন্দিরে পুজো দেন তিনি। দেবীর চরণে অর্পণ করেন পদ্মফুল। সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরাও।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/05/10/modi-highlights-bjp-rise-in-west-bengal-from-3-to-200-mlas/
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “আমরা ছোটবেলা থেকেই শিখেছি বাড়ি থেকে বেরোনোর আগে মা-বাবা ও ঠাকুরকে প্রণাম করতে হয়। ৪ মে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে বিশাল দায়িত্ব দিয়েছেন, সেই কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ নেওয়া অত্যন্ত প্রয়োজন।”
এদিন কালীঘাট মন্দির চত্বরে ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। অগ্নিমিত্রার দাবি, “আগেও বহুবার কালীঘাটে এসেছি। কিন্তু কোনওদিন এত ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনিনি। আজ চারদিকেই শুধু ‘জয় শ্রীরাম’। এতদিন মানুষ ভয়ে ভগবানের নাম উচ্চারণ করতে পারতেন না। এখন সেই ভয় কেটে গিয়েছে।”
এখানেই থেমে না থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-কেও আক্রমণ করেন তিনি। অগ্নিমিত্রার বক্তব্য, “অনেক বড় নেতা হয়ে গাড়ির বনেটে দাঁড়িয়ে হুমকি দিয়েছিলেন। আর আজ সাধারণ মানুষ তাঁর বাড়ির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। রাজনীতি মানুষের সেবা করার জন্য, শাসন করার জন্য নয়।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বার্তাও তুলে ধরেন বিজেপি নেত্রী। তাঁর কথায়, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন— ‘ভরসা ভিতরে, ভয় বাইরে’। আমরা শাসন করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি।”
উল্লেখ্য, ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই অনুষ্ঠানে মন্ত্রী পদে শপথ নেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনীয়া। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে।
