TMC leader joins Congress:’তৃণমূলে দুর্নীতি আর সহ্য হচ্ছে না’, কংগ্রেসে ফিরলেন গাজোলের প্রাক্তন প্রার্থী প্রসেনজিৎ দাস!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। মালদহের গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন প্রার্থী প্রসেনজিৎ দাস দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন (TMC leader joins Congress)। রবিবার মালদহ টাউন হলে দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ইশা খান চৌধুরী এবং কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের হাত ধরে তিনি নিজের পুরনো দলে প্রত্যাবর্তন করেন। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে মালদহের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:IIT Cooch Behar:এবার কোচবিহারে আইআইটি! উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্তের ইঙ্গিত স্পিকারের

দলবদলের পর (TMC leader joins Congress) তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন প্রসেনজিৎ দাস। তাঁর দাবি, তৃণমূলের শাসনকালে নেতাদের লাগামছাড়া দুর্নীতি আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই মন্তব্য রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

প্রসেনজিৎ দাসের রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের হাত ধরেই। ছাত্র ও যুব কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্বও সামলান। ইংলিশবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন তিনি। বর্তমানে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাঁর মা ছবি দাস। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংলিশবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন প্রসেনজিৎ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। তবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। সেই নির্বাচনে রাজ্যজুড়েই তৃণমূল কংগ্রেসের বড় ধাক্কা লাগে। এরপর থেকেই প্রসেনজিৎ দাসের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। অবশেষে রবিবার কংগ্রেসে প্রত্যাবর্তনের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটালেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

প্রসেনজিৎ দাসের দলে ফেরা নিয়ে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। দলের নেত্রী মৌসম বেনজির নূর বলেন, প্রসেনজিৎ দাসের মতো অভিজ্ঞ সংগঠক কংগ্রেসে ফিরে আসায় মালদহে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে। আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে তাঁর অভিজ্ঞতা দলের কাজে লাগবে বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক সময়ে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রীর দলত্যাগ, দুর্নীতির অভিযোগ এবং সাংগঠনিক অস্থিরতা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। সেই আবহেই প্রসেনজিৎ দাসের কংগ্রেসে প্রত্যাবর্তন রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। যদিও প্রসেনজিতের অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।