আইন-শৃঙ্খলায় নতুন অধ্যায়! গুন্ডা, তোলাবাজ, সিন্ডিকেট—কারও রেহাই নেই! গুন্ডারাজ শেষ করতে বিধানসভায় আসছে গুন্ডাদমন বিল

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে এবার বড় সিদ্ধান্তের পথে সরকার। সমাজবিরোধীদের বিরুদ্ধে কার্যত ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বিধানসভায় আনা হচ্ছে নতুন গুন্ডাদমন বিল। সরকারের দাবি, রাজ্যে গুন্ডারাজ, তোলাবাজি, সিন্ডিকেট ও অপরাধচক্রের শিকড় উপড়ে ফেলতেই এই কঠোর আইন আনা হচ্ছে।

সরকার জানিয়েছে, নতুন আইনের লক্ষ্য হল সমাজে শান্তি বজায় রাখা এবং এমন সব অপরাধ দমন করা, যেগুলির কারণে সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। বিল অনুযায়ী, যারা নিয়মিত ভয় দেখানো, তোলাবাজি, জমি দখল, বেআইনি সিন্ডিকেট, মাদক, অস্ত্র বা অন্য সমাজবিরোধী কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে বড় বিষয় হল, শুধু অপরাধ করলেই নয়, কোনও গ্যাং বা সিন্ডিকেটের সদস্য, নেতা বা আর্থিক সাহায্যকারী হিসেবেও কেউ যুক্ত থাকলে তাকেও আইনের আওতায় আনা হতে পারে। পাশাপাশি যারা বারবার চার্জশিটভুক্ত হয়েছেন বা অতীতে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

সরকারের দাবি, কাউকে আটক করার আগে পুলিশ সুপার বা তার ঊর্ধ্বতন আধিকারিকের রিপোর্ট প্রয়োজন হবে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। এরপর উপদেষ্টা বোর্ড পুরো বিষয়টি খতিয়ে দেখবে। যদি কেউ এই আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে তাঁর জেল ও জরিমানার বিধানও রাখা হয়েছে। এমনকি অভিযুক্তকে লুকিয়ে রাখলেও শাস্তির মুখে পড়তে হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে গুন্ডারাজ চলবে না। সমাজবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজন হলে বেআইনি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সরকারের বক্তব্য, এই আইন সাধারণ মানুষের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন বিল কার্যকর হলে রাজ্যের অপরাধচক্রে সত্যিই কি বড় ধাক্কা লাগবে? বিধানসভায় বিল পেশ হওয়ার পর কোন কোন পরিবর্তন আসতে চলেছে, সেদিকেই এখন নজর রাজ্যেবাসীর।