Anubrata Mondal protest:আহ্বায়কের দায়িত্ব ফিরে পেয়েই কোর কমিটির বৈঠকে তৎপর অনুব্রত, মুখ্যমন্ত্রীর ছবিতে কালি বিতর্কে ধিক্কার মিছিলের ডাক

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:জেল ফেরত এবং আইসি-কাণ্ডের পর বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal protest) প্রভাব কিছুটা হলেও কমে গিয়েছিল বলে মনে করছিল রাজনৈতিক মহল। এক সময়ের বীরভূম জেলা কোর কমিটির সভাপতি এবং দলের অঘোষিত মুখ অনুব্রত দীর্ঘদিন ছিলেন ‘শূন্য হাতে’। অবশেষে ফের স্বমহিমায় ফিরে হাসিমুখে দায়িত্ব পেয়েছেন জেলা কোর কমিটির আহ্বায়কের।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/08/03/amit-shah-bengal-bjp-meeting-to-counter-tmc-in-parliament/

আহ্বায়ক পদে ফেরার সপ্তাহও কাটেনি, তার আগেই রবিবার প্রথমবার কোর কমিটির বৈঠক ডাকলেন তিনি। দুপুর সাড়ে তিনটেয় তৃণমূল কার্যালয়ে নির্ধারিত সময়ে হাজির হন কোর কমিটির সদস্যরা। বড় টেবিলের একপাশে বসেন অনুব্রত, দুই পাশে সাজানো চেয়ারে আসন নেন কাজল শেখ, শতাব্দী রায়, আশিস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের মূল আলোচ্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সফরের বার্তা ও সাংগঠনিক কর্মসূচি।

বৈঠক শেষে অনুব্রত (Anubrata Mondal protest) জানান, “আমার পাড়া, আমার সমাধান এবং ভাষা আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সোমবার বিকাল ৪টেয় গোটা বীরভূমে ধিক্কার মিছিলের সিদ্ধান্ত হয়েছে।” এই মিছিলের কারণও স্পষ্ট করেন তিনি— মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লাগানোর ঘটনাকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর ছবিতে কালি দেবে, ধিক্কার মিছিল তো হবেই। আমরাও আগে বিরোধী ছিলাম, কিন্তু কখনও কারও ছবিতে কালি লাগাইনি। বিজেপির ছবিতেও কালি লাগাই না। এটা ভদ্রতা নয়।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শনিবারই এই ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছিলেন অনুব্রত। এবার সেই ক্ষোভকে সংগঠিত রূপ দিয়ে বীরভূমে ধিক্কার মিছিলের ডাক দিলেন ‘বীরভূমের বাঘ’।রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, এই মিছিল কেবল প্রতীকী প্রতিবাদ নয়, বরং অনুব্রতের রাজনৈতিক শক্তি পুনর্গঠনেরও ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, আহ্বায়কের চেয়ারে ফেরা এবং তৎপর সাংগঠনিক পদক্ষেপের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে এখনও বীরভূমে তৃণমূলের অন্যতম প্রভাবশালী মুখ তিনিই। আগামী দিনে এই সক্রিয়তা জেলাস্তরে তৃণমূলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকেই।