নিউজ পোল ব্যুরো: আবহাওয়ার খামখেয়ালিপনায় কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গ (Weather Update)। একদিকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ আশপাশের জেলা, অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অব্যাহত ঝমঝমে বৃষ্টি (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে (Weather Update)।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে, যার ফলেই বারবার বদলে যাচ্ছে আবহাওয়ার চরিত্র। কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের বেলায় রোদের তেজ বাড়বে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নগণ্য বলেই মনে করা হচ্ছে। আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর গরমে ভুগতে হবে শহরবাসীকে। তাপমাত্রার দিক থেকেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আগামী কয়েক দিনে কলকাতার পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে বেশি (Weather Update)। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা সামান্য কম হলেও অস্বস্তি কমাচ্ছে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
সপ্তাহের শুরুতে বৃষ্টির দাপট কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। সোমবার ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে (Weather Update)। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। যদিও বৃষ্টি হলেও গরম থেকে বিশেষ স্বস্তি মিলবে না বলেই পূর্বাভাস। এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার সাময়িকভাবে বৃষ্টি কমলেও বৃহস্পতিবার ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে (Weather Update)।
