নিজের ঘরেই পড়ে রয়েছে মেয়ের ক্ষতবিক্ষত লাশ! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের পর গোপনাঙ্গে রড ঢুকিয়ে খুনের নৃশংস অভিযোগ

breakingnews অপরাধ আইন রাজ্য

নিউজপোল ব্যুরো: একটি উৎসবের দিন শেষ হতে না হতেই নেমে এল গভীর শোক। আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ১৫ বছরের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অসমের হাইলাকান্দি জেলায়। বাড়ির ভিতর থেকে এমন অবস্থায় তার দেহ উদ্ধার হয় যে পরিবারের সদস্যদের পক্ষে প্রথমে তাকে চিনে নেওয়াও কঠিন হয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘটনাটি ঘটে। ওই কিশোরী পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল। পরে কোনও কারণে সে একাই বাড়ি ফিরে আসে বলে জানা যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অভিযোগ, তার মাথা ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরিবারের দাবি, খুনের আগে তার উপর যৌন নির্যাতন করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও সরকারি ভাবে কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অমিতাভ সিনহা জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, পরিবারের তরফে যৌন নির্যাতনের অভিযোগ করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে।