Bhetki Recipe: পাতুরি নয়, এ বার ভেটকির কোর্মা! কম সময়ে বানান রেস্তরাঁ-স্টাইল সুস্বাদু পদ

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ভেটকি মাছের (Bhetki) নাম শুনলেই আমাদের প্রথম মাথায় আসে পাতুরির কথা। কিন্তু সবসময় ভেটকি মাছ দিয়ে পাতুরি না করে অন্য কিছুও বানানো যেতে পারে। ভেটকির কোর্মা একবার বাড়িতে বানাতে পারলে আর উৎসব অনুষ্ঠানে বাইরে খেতে যেতে ইচ্ছা করবেনা জানেন কি? তবে কোর্মার নাম শুনলে অনেকেরই মনে হতে পারে এটি অনেক সময়সাপেক্ষ রান্না। কিন্তু তা একেবারেই নয়। খুব অল্প সময় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে অনায়াসেই বানিয়ে নেওয়া যেতে পারে এই সুস্বাদু পদ।

আরও পড়ুন: Katla Recipe: একঘেয়ে মাছের ঝোল ছেড়ে এবার বানান কাতলা মরিচের ঝাল, ১০ মিনিটেই জমবে স্বাদ

বাজার থেকে মাছ আসার পরেই ভেটকি (Bhetki) মাছের টুকরোতে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে মাছের কাঁচা গন্ধ দূর হয় এবং স্বাদও ভালো হয়। এইদিকে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিয়ে তুলে রেখে দিন। একই কড়াইয়ে মাছগুলোও হালকা করে ভেজে আলাদা করে রাখুন।

এরপর কড়াইয়ে আবার তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে হলুদগুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টম্যাটো বাটা যোগ করুন। টম্যাটো কষে গেলে ফেটানো দই মিশিয়ে দিন, এতে গ্রেভি আরও মসৃণ ও ঘন হবে।

এইবার স্বাদমতো নুন, সামান্য জয়িত্রীগুঁড়ো এবং আগে ভেজে রাখা পেঁয়াজ মিশিয়ে দিন। মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেলে সামান্য জল ঢেলে দিন। তারপর ভাজা মাছ কড়াইয়ে দিয়ে ঢেকে দিন। কম আঁচে ৫ মিনিট রান্না হতে দিন, যাতে মাছ ভালো করে মশলার স্বাদ টেনে নেয়।

সবশেষে সামান্য ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। এই ধাপে কোর্মার আসল সুগন্ধ বেরিয়ে আসে, যা পুরো রান্নাটিকে আরও লোভনীয় করে তোলে।

ভেটকির কোর্মা গরম ভাত বা সুগন্ধি পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও দ্বিগুণ হবে। যেকোনো বিশেষ দিন এই রান্না দিয়ে অতিথি আপ্যায়ন করলে তা সহজেই সকলের মন জয় করবে। তাই রোজকার রান্নায় বৈচিত্র্য আনতে আজই বানিয়ে ফেলুন ভেটকি মাছ দিয়ে এই নতুন রেসিপি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole