নিউজ পোল ব্যুরো: রোজকার রান্নায় রুই বা কাতলা (Katla) মাছ প্রায় সব বাঙালি বাড়িতেই দেখা যায়। তবে একই ধরনের ঝোল, ঝাল বা কালিয়া খেতে খেতে অনেক সময় একঘেয়েমি চলে আসে। তখন ইচ্ছে করে একটু অন্য রকম স্বাদের। সেই চাহিদা মেটাতেই সহজ উপায়—কাতলা মরিচের ঝাল। খুব কম সময়েই তৈরি করা যায় এই পদ, আর স্বাদে এনে দেয় একেবারে নতুনত্ব।
আরও পড়ুন: Mutton Recipe: নতুন বছরের সপ্তাহান্তে রান্নাঘরে ফিরুক মোগলাই স্বাদ, ঘি-গোলমরিচে পাঁঠার মাংস
এই রান্নার বিশেষত্ব হল মরিচের ঝাঁঝ আর মশলার গন্ধ, যা সাধারণ মাছের ঝোলের থেকে একেবারেই আলাদা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। বাড়িতে হঠাৎ অতিথি এলেও দ্রুত এই পদ বানিয়ে চমকে দিতে পারেন।
প্রথমে কাতলা (Katla) মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নিন। তার পরে নুন, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং লেবুর রস দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিন। এতে মাছের কাঁচা গন্ধ দূর হবে এবং মশলার স্বাদ ভিতর পর্যন্ত ঢুকে যাবে।
এবার একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে এবং গোটা গোলমরিচ একসঙ্গে বেটে নিন। এই মশলাই রান্নাটির মূল আকর্ষণ, যা পুরো পদে ঝাঁঝালো স্বাদ এনে দেয়।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাখানো মাছগুলি হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে আবার গোটা গোলমরিচ ফোড়ন দিন। তার পরে বেটে রাখা মশলার মিশ্রণ দিয়ে ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝবেন কষানো ঠিক মতো হয়েছে।
এ সময় ফেটানো টক দই মিশিয়ে দিন। দই দেওয়ার ফলে রান্নায় একটি মোলায়েম স্বাদ আসে, যা মরিচের ঝাঁঝকে সুন্দর ভাবে ব্যালান্স করে। প্রয়োজন মতো নুন ও সামান্য চিনি দিয়ে দিন। এর পর ভাজা মাছগুলো মশলার মধ্যে ছেড়ে দিন।
ঝোল ফুটে উঠলে উপর থেকে সামান্য গোলমরিচগুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণ ঢেকে রাখলে মশলার গন্ধ আরও ভাল ভাবে মাছের সঙ্গে মিশে যাবে।
এই কাতলা মরিচের ঝাল গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। খুব কম উপকরণে এবং অল্প সময়ে তৈরি হওয়া এই পদ রোজকার খাবারে এনে দিতে পারে নতুন মাত্রা। যারা ঝাল স্বাদ পছন্দ করেন, তাঁদের জন্য এটি একেবারে পারফেক্ট রেসিপি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
