Mutton Recipe: নতুন বছরের সপ্তাহান্তে রান্নাঘরে ফিরুক মোগলাই স্বাদ, ঘি-গোলমরিচে পাঁঠার মাংস

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: আলু দিয়ে লাল ঝোলের পাঁঠার মাংস ছাড়া বাঙালির রবিবার যেন সম্পূর্ণই হয় না। কিন্তু নতুন বছরের প্রথম সপ্তাহান্তে কি পুরনো স্বাদের পুনরাবৃত্তি করবেন? বরং এ বার ভাতের পাশে থাকুক ঢিমে আঁচে ঘি দিয়ে কষানো, গোলমরিচের ঝাঁঝে ভরপুর এক অন্যরকম পাঁঠার মাংস (Mutton Recipe)। স্বাদে ভারী, ঘ্রাণে মোহময়—এই রান্না অতিথি তো বটেই, পাড়া-প্রতিবেশীকেও বুঝিয়ে দেবে বাড়িতে বিশেষ কিছু হচ্ছে।

আরও পড়ুন:Demien Martin: কোমায় ডেমিয়েন মার্টিন, মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি

এই পদটির শিকড় মোগলাই রান্নায়। ইতিহাস বলছে, এমন এক সময়ে এই ধরনের মাংস রান্না হত, যখন এ দেশে শুকনো লাল লঙ্কার প্রচলনই ছিল না। তাই ঝালের উৎস ছিল গোলমরিচ। লখনউ বা দিল্লির দিকে এই রান্না পরিচিত ‘মটন কালিমির্চ’ নামে। তবে পাঁঠার মাংসপ্রেমী বাঙালির কাছে একে ঘি-গোলমরিচ দেওয়া পাঁঠার মাংস বললেই বেশি আপন লাগে।

এই মাটন রেসিপির (Mutton Recipe) আসল আকর্ষণ হল এর সরলতা। কোনও রেডিমেড মশলার ব্যবহার নেই। অল্প কিছু গোটা মশলা, ঘি আর ধৈর্য—এই তিনেই তৈরি হয় স্বাদের জাদু। কম মশলায় রান্না হওয়ায় মাংসের নিজস্ব স্বাদ ও ঘ্রাণ আরও স্পষ্টভাবে ধরা দেয়।

উপকরণ (৪ জনের জন্য):পাঁঠার মাংস ৬০০ গ্রাম, ঘি ৪ টেবিল চামচ, শুকনো লঙ্কা ২টি, ছোট এলাচ ২টি, বড় এলাচ ১টি, লবঙ্গ ২টি, দারচিনি ১ টুকরো, অল্প জয়িত্রী, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, গোটা ধনে ১ টেবিল চামচ, গোটা জিরে ১ চা চামচ, গোটা গোলমরিচ ১ চা চামচ, সাদা তেল ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি, কাঁচালঙ্কা ৩টি, রসুন ৬–৮ কোয়া, ধনেপাতার ডাঁটা কুচি এক মুঠো, দই আধ কাপ, নুন স্বাদমতো।

প্রণালী:প্রেশার কুকারে ঘি গরম করে শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে মাংস ও আদা-রসুন বাটা দিয়ে ৪–৫ মিনিট ভাজুন। আধ কাপ জল ও নুন দিয়ে এক সিটি দিন। সিটি পড়লে আঁচ কমিয়ে আরও ১২–১৫ মিনিট রান্না করুন।

অন্যদিকে গোটা ধনে, জিরে ও গোলমরিচ শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে রাখুন। একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা ও ধনেপাতার ডাঁটা নরম হওয়া পর্যন্ত ভাজুন। ঠান্ডা করে সামান্য জল দিয়ে বেটে নিন।

মাংস আবার আঁচে বসিয়ে দইয়ের সঙ্গে নুন ও গুঁড়ো মশলা মিশিয়ে দিন। ঢিমে আঁচে নেড়ে ৫ মিনিট রান্না করুন। এরপর পেঁয়াজ-রসুনের বাটা দিয়ে ঢেকে আরও ১২–১৫ মিনিট কষান। তেল ছাড়লে নামিয়ে উপরে কয়েক ফোঁটা লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন গরম ভাত, পোলাও বা পরোটার সঙ্গে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole