Bhangar political clash:বছরের শুরুতেই অশান্ত ভাঙড়, শওকত–আরাবুল দ্বন্দ্বে সকালে হাকিমুলের গাড়ি লক্ষ্য করে হামলা!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:বছরের শুরুতেই রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar political clash )। রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের (TMC) দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষে অশান্ত পরিস্থিতি তৈরি হয় এলাকায়। বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের অনুগামীদের সঙ্গে স্থানীয় বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠদের সংঘর্ষ ঘিরে চরম উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/04/ed-chargesheet-sand-smuggling-case-west-bengal/

অভিযোগ, আরাবুল ইসলামের ছেলে তথা দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হাকিমুল ইসলামের গাড়িতে হামলা চালানো হয়। তাঁকে লক্ষ্য করে ‘গদ্দার’ স্লোগান দেওয়া হয় বলেও অভিযোগ। তৃণমূলের একাংশের দাবি, পরিকল্পিতভাবেই শওকত মোল্লার অনুগামীরা হাকিমুলের উপর চড়াও হন।

ঘটনার সূত্রপাত শনিবার রাত থেকে। অভিযোগ, সেদিন বিকেলে ভাঙড়ের তৃণমূলের একাংশের নেতা হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ ও ওদুদ মোল্লা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে ফেরার পর রাতেই পঞ্চায়েত সমিতির সদস্য ওদুদ মোল্লার কাঁঠালিয়ার বাড়িতে হামলা চালানো হয়। তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রতিবাদে ওদুদের পাশে দাঁড়াতে রবিবার সকালে তাঁর বাড়িতে যান হাকিমুল ইসলাম ও কাইজার আহমেদরা। সেখান থেকে বেরোনোর সময়ই হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, শওকত মোল্লার অনুগামীরা হামলা চালান এবং ‘গদ্দার’ স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় হাকিমুল ইসলামকে নিরাপদে এলাকা থেকে বার করে আনা হয়।

ঘটনার পর হাকিমুল ইসলাম সরাসরি শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “রাতে ওদুদের বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে। আজ আমার উপর হামলা চালানো হল। শওকতের লোকজনের দাপটে গোটা এলাকা আতঙ্কে রয়েছে। পুলিশ যেন কড়া ব্যবস্থা নেয়।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে শওকত মোল্লা বলেন, “যারা নিজেরাই ঝামেলা পাকায়, তারাই অন্যের নামে দোষ চাপাচ্ছে। দলে বিশ্বাসঘাতকদের কোনও জায়গা নেই। সাধারণ মানুষ ওদের মানে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

অশান্তি ঠেকাতে এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভাঙড়ে (Bhangar political clash ) এই রাজনৈতিক উত্তেজনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।