নিউজপোল ব্যুরো: এক রাতের মধ্যে বদলে গেল শত শত মানুষের জীবন। পুনের একটি তথ্যপ্রযুক্তি সংস্থা (Thynk Technology India) হঠাৎ করেই কার্যত বন্ধ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন ৭০০-রও বেশি কর্মী। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, সদ্য কলেজ পাস করা যুবক-যুবতী থেকে শুরু করে ইন্টার্ন— সকলেই অনিশ্চয়তার মুখে পড়েছেন।
কর্মীদের দাবি, সংস্থার পক্ষ থেকে আগে কোনও সতর্কবার্তা বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। একদিন অফিসে এসে তাঁরা জানতে পারেন, সংস্থার কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। এরপর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে কর্মীদের মধ্যে। অনেকের অভিযোগ, কয়েক মাসের বেতন এখনও মেলেনি। পাশাপাশি বেতন বাবদ দেওয়া কিছু চেকও ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর একাধিক কর্মী পুলিশের কাছে অভিযোগ জানায় । তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে আর্থিক অনিয়ম এবং কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগ সামনে আসার পর সংস্থার প্রধান CEO গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা সংক্রান্ত ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার জেরে কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নতুন চাকরির খোঁজ শুরু করেছেন, আবার কেউ কেউ বকেয়া পাওনা আদায়ের জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এমন আকস্মিক পরিস্থিতি কর্মীদের মধ্যে নতুন করে নিরাপত্তা ও কর্মসংস্থানের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ঊঠছে। এখন নজর কি হবে পরবর্তীতে? পুলিশ কি কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন?
পুলিশ জানিয়েছে, সংস্থার আর্থিক নথি ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে। বর্তমানে চাকরি হারানো কর্মীদের প্রধান চিন্তা, কীভাবে দ্রুত নতুন কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে। এক রাতের সিদ্ধান্তে শত শত পরিবারের ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
