Durga Puja : এক লাফে অনুদান বাড়ল ২৫ হাজার, দুর্গাপুজোয় কমিটিগুলিকে বড় উপহার মমতার

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো : সকাল থেকেই জল্পনা চলছিল আজকের পুজো (Durga Puja) বৈঠক নিয়ে। সকলের নজর ছিল চলতি বছরে পুজোয় অনুদান কতটা বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এবার কত দেব? ৯০… ৯৫…’, বলেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন পুজোর অনুদানের অঙ্ক। দুর্গাপুজোয় কমিটিগুলিকে বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পরেই চওড়া হাসি ফুটে উঠেছে পুজোকমিটি গুলির মুখে।

এবার শারদোৎসবের অনুদান বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, “এবছর সমস্ত পুজো কমিটিকে সরকারের তরফে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।” এই ঘোষণায় খুশি পুজো উদ্যোক্তারা। এদিন পুজও নিয়ে মুখ্যমন্ত্রী করেছেন একাধিক ঘোষণা। জানিয়েছেন চলতি বছরে পিতৃপক্ষেই খুলে যাবে মণ্ডপের দরজা। মুখ্যমন্ত্রী সকলকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, অক্টোবরের ২,৩, ৪ তারিখ হবে বিসর্জন এবং ৫ অক্টোবর হবে বিসর্জনের কার্নিভাল। 

মুখ্যমন্ত্রী বলেছেন, “অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। ঘরে ঘরে পুজো হয়। এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়। বলে, কেন পুজোর জন্য সাহায্য করা হবে! আরে এটা তো একটা উৎসব। পুজোর জন্য কত মানুষ রোজগার করে। পাড়ার ছেলেমেয়েরা ঘরের কাজ ছেড়ে পুজো সফল করার কাজে মন দেন।” পুজোর (Durga Puja) সময় পরিবহন দফতরকে বেশি গাড়ি চালাতে হবে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সতর্কবাণী, “এমন কোনও থিম করবেন না, যাতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায়। ভিড়ের কম্পিটিশন করবেন না। স্ট্যাম্পেড না হয়। ববি, অরুপ আর সুজিতের পুজো দেখাতে হবে কেন! বাকিদেরটাও দেখান।”