নিউজ পোল ব্যুরো: বাঙালির উৎসব মানেই ভালো খাবার, আর বছরের শেষের উৎসবগুলিতে সেই আনন্দ যেন আরও একটু বেশি। বড়দিন হোক বা ইয়ার এন্ড হাউস পার্টি—ভোজের টেবিলে বিশেষ কিছু পদ না রাখলে উৎসব যেন সম্পূর্ণ হয় না। মাছপ্রেমী বাঙালির কাছে আবার চিংড়ি ছাড়া বিশেষ দিনের মেনু কল্পনাই করা যায় না। সাধারণত সর্ষে চিংড়ি, চিংড়ি মালাইকারি বা ভাপা চিংড়িই বেশি রান্না হয়। তবে এ বার একটু অন্য রকম করে দেখতেই পারেন। মুরগির রোস্টের বদলে গলদা চিংড়ি (Prawn Roast) দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু রোস্ট। পোলাও কিংবা নারকেলি ভাতের সঙ্গে এই পদ অতিথিদের মন জিতবেই।
আরও পড়ুন: PM Modi: ঘন কুয়াশায় মাঝপথেই বিপত্তি! তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার, ফিরল কলকাতায়
গলদা চিংড়ির রোস্ট (Prawn Roast) বানাতে খুব বেশি জটিল উপকরণের প্রয়োজন হয় না। সঠিক মশলার ব্যবহার আর রান্নার ধাপে ধাপে যত্ন নিলেই ঘরোয়া রান্নাঘরে তৈরি হবে রেস্তরাঁর মতো স্বাদ।
উপকরণ:বড় মাপের গলদা চিংড়ি ৬টি, আধ কাপ পেঁয়াজ বাটা, ১ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, ২ চা চামচ কাঁচালঙ্কা বাটা, ৩ টেবিল চামচ নারকেল বাটা, আধ কাপ টক দই (জল ঝরানো), স্বাদ অনুযায়ী নুন, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ৫ গ্রাম গোটা গরমমশলা, ১ কাপ বেরেস্তা, প্রয়োজন মতো সাদা তেল ও সামান্য ঘি।
প্রণালী:প্রথমে একটি বড় পাত্রে গলদা চিংড়িগুলি ভালো করে ধুয়ে নিন। এর পর তাতে একে একে যোগ করুন টক দই, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নারকেল বাটা, গোলমরিচ গুঁড়ো এবং নুন। সব উপকরণ ভাল করে মেখে অন্তত ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন, যাতে মশলার স্বাদ চিংড়ির ভিতরে ঢুকে যায়।
এর পর একটি কড়াইয়ে তেল ও ঘি একসঙ্গে গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। মশলার সুগন্ধ বেরোতে শুরু করলে ম্যারিনেট করা মিশ্রণ থেকে শুধু চিংড়িগুলি তুলে নিয়ে হালকা করে ভেজে নিন। খুব বেশি ভাজবেন না, শুধু রং বদলালেই যথেষ্ট।
চিংড়ি তুলে নেওয়ার পর সেই কড়াইতেই বাকি মশলাটি ঢেলে মাঝারি আঁচে কষাতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তখন ভাজা চিংড়িগুলি আবার কড়াইয়ে দিয়ে ভাল করে মিশিয়ে নিন। উপর থেকে বেরেস্তা ও সামান্য ঘি ছড়িয়ে দিন। আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন।
এই ভাবেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ও ঝরঝরে গলদা চিংড়ির রোস্ট। গরম গরম পোলাও, নারকেলি ভাত কিংবা সাদা ভাতের সঙ্গেও এই পদ ভীষণ উপভোগ্য। বছর শেষের পার্টির মেনুতে এই বিশেষ পদ রাখলে প্রশংসা পাবেন নিশ্চিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
