নিউজ পোল ব্যুরো: শুকনো ফল (Dry Fruits) মানেই স্বাস্থ্যকর— এমন ভাবনা অনেকেরই। ফাইবার, অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি৬, আয়রন, জিঙ্ক, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো জরুরি পুষ্টিগুণে ভরপুর ড্রাই ফ্রুটস অল্প খিদে মেটানোর পাশাপাশি শরীরের নানা প্রয়োজন পূরণ করে। কিন্তু কখন, কতটা এবং কী ভাবে শুকনো ফল খাচ্ছেন, তার উপরেই নির্ভর করে আসল উপকার মিলবে কি না। নিয়ম না মেনে খেলেই অনেক সময় এই উপকারী খাবার উল্টে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
জয়পুরের পুষ্টিবিদ শ্বেতা ঠাকরার মতে, প্রতিটি শুকনো ফলের খাওয়ার নিয়ম আলাদা। কোনটা ভিজিয়ে খাওয়া ভাল, কোনটা আবার ভেজানোর প্রয়োজন নেই— এই সূক্ষ্ম পার্থক্যগুলি জানা থাকলে ড্রাই ফ্রুটের সব গুণ শরীরে ঠিক ভাবে পৌঁছোয়।
আমন্ড (বাদাম):
আমন্ড খাওয়ার সবচেয়ে ভাল সময় সকাল। ৮–১২ ঘণ্টা জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে খালিপেটে ৫–৭টি বাদাম খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে, ত্বক উজ্জ্বল হয় এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে।
আখরোট:
মস্তিষ্কের মতো দেখতে এই বাদাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। ৪–৬ ঘণ্টা ভিজিয়ে সকালে বা বিকেলে স্ন্যাকস হিসেবে ১–২টি আখরোট খাওয়া যথেষ্ট। এটি স্মৃতিশক্তি বাড়াতে, প্রদাহ কমাতে এবং ঘুমের গুণমান উন্নত করতে সাহায্য করে।
কাজু:
কাজু চাইলে ১–২ ঘণ্টা ভিজিয়ে নিতে পারেন, আবার না ভিজিয়েও খাওয়া যায়। দুপুর বা সন্ধ্যার দিকে ১–২টি কাজু খেলে শক্তি বাড়ে এবং স্বাস্থ্যকর ফ্যাট মেজাজ ভাল রাখতে সাহায্য করে।
পেস্তা:
পেস্তা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। বেলার দিকে ১–২টি পেস্তা খেলে প্রোটিনের জোগান মেলে, অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
কিশমিশ:
৩–৪ ঘণ্টা জলে ভিজিয়ে সকালে ৬–৮টি কিশমিশ খেলে হজমশক্তি বাড়ে, শরীরে আয়রনের ঘাটতি কমে এবং ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।
খেজুর:
খেজুর সাধারণত ভিজিয়ে খাওয়ার দরকার হয় না। শরীরচর্চার আগে ১–২টি খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায় এবং পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়।
আনজির:
৩–৪ ঘণ্টা জলে ভিজিয়ে সকালে ১–২টি আনজির খেলে কোষ্ঠকাঠিন্য কমে, ক্যালশিয়ামের জোগান বাড়ে এবং হরমোনের ভারসাম্য বজায় থাকে।
ব্রাজিল নাট:
এই বাদাম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। সকালে মাত্র ১টি ব্রাজ়িল নাট খেলেই সেলেনিয়ামের চাহিদা পূরণ হয়, যা থাইরয়েড ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, শুকনো ফল (Dry Fruits) উপকারী হলেও পরিমাণ ও নিয়ম মেনে না খেলে উপকার মিলবে না। সঠিক সময়ে, সঠিক পরিমাণে খেলে তবেই ড্রাই ফ্রুটস হয়ে উঠবে সুস্থ থাকার শক্তিশালী সঙ্গী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
