Roasted Grams: দোকানের ছোলা ভাজা কি সত্যিই খাওয়ার যোগ্য? ভেজাল চেনার সহজ ঘরোয়া উপায়

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীত এলেই পাড়ার দোকান থেকে ছোলা ভাজা, কাঁচা ছোলা কিংবা ছোলার ডাল কেনা বেড়ে যায়। গরম গরম ছোলা ভাজা যেমন শীতের বিকেলের সেরা সঙ্গী, তেমনই লুচি-পরোটার সঙ্গে ছোলার ডাল বাঙালির ঘরোয়া পাতে অতি পরিচিত। কিন্তু প্রশ্ন একটাই—যে ছোলা (Roasted Grams) কিনে আনছেন, তা কি সত্যিই খাঁটি? নাকি অজান্তেই ভেজাল মেশানো খাবার ঢুকছে শরীরে?

আরও পড়ুন: PM Modi: ঘন কুয়াশায় মাঝপথেই বিপত্তি! তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর কপ্টার, ফিরল কলকাতায়

বর্তমানে তেল, দুধ, মশলা থেকে শুরু করে ডাল—প্রায় সব খাদ্যদ্রব্যেই ভেজালের থাবা। খাদ্য সুরক্ষা দফতরের তথ্য অনুযায়ী, ছোলা ও ছোলার ডালেও এমন কিছু রাসায়নিক মেশানো হচ্ছে, যা দীর্ঘদিন শরীরে জমলে গুরুতর অসুখের ঝুঁকি বাড়াতে পারে। রং উজ্জ্বল করা, পুরনো ছোলাকে টাটকা দেখানো কিংবা চকচকে করার জন্য নানা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে।

ছোলায় কী ধরনের ভেজাল মেশানো হয়?
ছোলা ভাজায় (Roasted Grams) অনেক সময় ‘অরামিন ও’ নামে একটি শিল্পে ব্যবহৃত রাসায়নিক মেশানো হয়। এর ফলে ছোলার রং উজ্জ্বল হলুদ ও ঝকঝকে দেখায়। আবার ছোলার ডালে চকের গুঁড়ো মেশানো হয়, যাতে দানাগুলি দেখতে মসৃণ ও পরিষ্কার লাগে।
এ ছাড়াও মেটানিল ইয়েলো নামে কৃত্রিম রং ব্যবহার করা হয়, যা সাধারণত সাবান বা রং তৈরিতে ব্যবহৃত হয়। পুরনো বা কালচে ছোলাকে নতুন দেখাতেই এই রং দেওয়া হয়। আরও ভয়ংকর হল লেড ক্রোমেট—এক ধরনের ভারী ধাতু, যা হলুদ রং গাঢ় করতে মেশানো হয়। এটি স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এবং শিশুদের বুদ্ধিবিকাশে বাধা দিতে পারে।
সবুজ ছোলা বা কাঁচা ছোলায় অনেক সময় ম্যালাকাইট গ্রিন মেশানো হয়, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। চকচকে করার জন্য খনিজ তেল দিয়ে পালিশও করা হয়, যা লিভার ও কিডনির পক্ষে ক্ষতিকর।

খাঁটি ছোলা চিনবেন কী ভাবে?
বাড়িতে সহজ কয়েকটি পরীক্ষাতেই ভেজাল ধরা সম্ভব। এক মুঠো ছোলা বা ছোলার ডাল এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। জল যদি হলুদ বা কমলা হয়ে যায়, তবে বুঝবেন তাতে কৃত্রিম রং রয়েছে।
শুকনো ছোলা হাতে নিয়ে ভাল করে ঘষুন। হাতে যদি হলুদ রং লেগে যায়, তবে মেটানিল ইয়েলো মেশানোর সম্ভাবনা আছে।
ছোলা সেদ্ধ হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিলে এবং সেদ্ধ হওয়ার পর খোসা খুব দ্রুত আলাদা হয়ে গেলে তা ভেজালের ইঙ্গিত হতে পারে।
এ ছাড়া ছোলার ডাল সাধারণত গোল বা ডিম্বাকৃতির হয়। ত্রিকোণ বা অস্বাভাবিক আকারের দানা থাকলেও সতর্ক হওয়া জরুরি।

স্বাদ আর অভ্যাসের টানে আমরা অনেক সময় যাচাই না করেই খাবার কিনে ফেলি। কিন্তু একটু সচেতন হলেই ভেজাল থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করা সম্ভব।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole