নিউজ পোল ব্যুরো: গরমের দিনে (Summer Recipe) ভারী মশলাদার খাবার অনেকেই এড়িয়ে চলেন। দুপুরের পাতে চাই হালকা, সুস্বাদু এবং একটু অন্য রকম কিছু। রোজকার মাছের ঝোল, টক ডাল কিংবা চেনা পটলের দোলমা খেতে খেতে একঘেয়েমিও চলে আসে। তাই পরিচিত সব্জিকেই একটু নতুন ভাবে রান্না করলে বদলে যেতে পারে গোটা খাবারের স্বাদ। আর গরমের এই সময়টায় গন্ধরাজ লেবুর সুবাস যেন বাঙালির আলাদা ভাললাগা। সেই গন্ধরাজ দিয়েই বানানো যেতে পারে দারুণ স্বাদের দই-পটল।
আরও পড়ুন: Summer Recipe: গরমে শরীর ঠান্ডা রাখতে দুপুরের পাতে থাক শসার শুক্তো, স্বাদে-গুণে মন জিতবে এই পদ
এই পদে মশলার ব্যবহার খুবই কম। অথচ এই গরমে (Summer Recipe) গন্ধরাজ লেবুর সৌরভ আর টক দইয়ের স্বাদ মিশে সাধারণ পটলও হয়ে ওঠে অসাধারণ। গরম ভাতের সঙ্গে যেমন মানিয়ে যায়, তেমনই রুটি বা পরোটার সঙ্গেও খেতে ভাল লাগে এই রান্না। এই পদ বানাতে লাগবে পাঁচটি পটল, তিন টেবিল চামচ জল ঝরানো টক দই, কয়েকটি কাজুবাদাম, এক টেবিল চামচ চারমগজ, এক টেবিল চামচ পোস্ত, কাঁচালঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা এবং একটি গন্ধরাজ লেবুর রস। পাশাপাশি কয়েকটি গন্ধরাজ লেবুর পাতাও লাগবে, যা রান্নায় আলাদা সুগন্ধ যোগ করবে।
প্রথমে পটলের দুই দিক কেটে খোসা আংশিক ছাড়িয়ে নিতে হবে। তার পর মাঝ বরাবর হালকা চিরে নুন ও হলুদ মাখিয়ে অল্প তেলে ভেজে রাখতে হবে। তবে খুব বেশি ভাজা চলবে না। এ দিকে কাজুবাদাম, চারমগজ, পোস্ত, টক দই এবং কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে মসৃণ মিশ্রণ তৈরি করে নিতে হবে।
কড়াইয়ে তেল গরম করে জিরে ও তেজপাতার ফোড়ন দিন। আঁচ কমিয়ে তাতে দইয়ের মিশ্রণ ঢেলে ভাল করে কষিয়ে নিতে হবে। প্রয়োজনমতো নুন, সামান্য চিনি এবং অল্প হলুদ মিশিয়ে রান্না করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা পটল দিয়ে আরও কিছু ক্ষণ ফুটিয়ে নিতে হবে।
রান্নার একেবারে শেষ পর্যায়ে যোগ করতে হবে গন্ধরাজ লেবুর রস এবং সামান্য কুরোনো খোসা। সঙ্গে ধুয়ে রাখা কয়েকটি লেবুপাতাও ফেলে দিন। এতে রান্নায় এমন এক সুবাস আসবে, যা গোটা বাড়ি ভরিয়ে দেবে। আরও দুই মিনিট কম আঁচে রান্না করে গ্যাস বন্ধ করে দিন।
কম মশলায় তৈরি এই গন্ধরাজ দই-পটল গরমের দুপুরে হতে পারে একেবারে আদর্শ পদ। পরিচিত পটলের স্বাদে গন্ধরাজের ছোঁয়া এনে নতুনত্বের স্বাদ নিতে চাইলে এই রেসিপি এক বার অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
