Harsh Limbachiyaa: স্ত্রী বেশি সফল হলেই শুরু হয় অস্বস্তি! ভারতীর জনপ্রিয়তা নিয়ে খোলামেলা হর্ষ লিম্বাচিয়া

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দেশের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং, টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয়তা বহু দিনের। অন্য দিকে তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Harsh Limbachiyaa) চিত্রনাট্যকার, সঞ্চালক এবং প্রযোজক হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। তবে বিয়ের পর থেকেই বারবার তাঁদের দু’জনের সাফল্যের তুলনা টানা হয়েছে। সেই অভিজ্ঞতা নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন হর্ষ।

আরও পড়ুন:Amitabh Bachchan: মানসিক চাপ কমাতে কী করেন অমিতাভ বচ্চন? একসঙ্গে সব নয়, ‘সিঙ্গল টাস্কিং’ মন্ত্রেই ভরসা বিগ বি-র

হর্ষ (Harsh Limbachiyaa) জানিয়েছেন, সমাজ এখনও এমন মানসিকতা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি, যেখানে স্ত্রী পেশাগত ভাবে স্বামীর তুলনায় বেশি সফল হলে অনেক পুরুষের মধ্যেই নিরাপত্তাহীনতা তৈরি হয়। তাঁর কথায়, “পুরুষ বেশি সফল হলে সমাজ সেটাকে স্বাভাবিক ভাবেই নেয়। কিন্তু স্ত্রী বেশি সফল হলেই সমস্যা শুরু হয়।” এই পরিস্থিতির মুখোমুখি তিনিও হয়েছেন বলে অকপটে স্বীকার করেছেন হর্ষ।

ভারতী এবং হর্ষের পরিচয় হয়েছিল জনপ্রিয় কমেডি শো ‘কমেডি সার্কাস’-এর সেটে। তখন ভারতীর জন্য চিত্রনাট্য লিখতেন হর্ষ। প্রথম দিকে তাঁর লেখা তেমন সাড়া না ফেললেও পরে ভারতীর অভিনয় ও কমেডি দর্শকদের মন জয় করে নেয়। কাজের সূত্রেই ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং পরে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রায় ছয় বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিয়ে করেন তাঁরা।

হর্ষ জানান, বিয়ের সময় ভারতীর জনপ্রিয়তা এবং উপার্জন তাঁর তুলনায় অনেকটাই বেশি ছিল। সেই বিষয়টি তাঁকে মানসিক ভাবে অস্বস্তিতেও ফেলেছিল। তবে তিনি কখনও হাল ছাড়েননি। নিজের কাজের উন্নতির জন্য আরও বেশি পরিশ্রম করতে শুরু করেন। চিত্রনাট্যকার হিসেবে ভাল পারিশ্রমিক পেতে শুরু করার পরেও তিনি থেমে থাকেননি। পরে প্রযোজনার জগতেও পা রাখেন, কারণ তাঁর মনে হয়েছিল, তাতে হয়তো ভারতীর সমপর্যায়ে পৌঁছতে পারবেন।

পরবর্তীকালে সৃজনশীল পরিচালক হিসেবেও কাজ শুরু করেন হর্ষ। জনপ্রিয় অনুষ্ঠান ‘কমেডি নাইটস বাঁচাও’ তৈরির পর তাঁর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। তিনি উপলব্ধি করেন, নিজেও আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম।

আজ ভারতী ও হর্ষ টেলিভিশন জগতের অন্যতম পরিচিত দম্পতি। তাঁদের সুখের সংসারে রয়েছে দুই সন্তানও। পেশাগত জীবনে তুলনা এবং আলোচনা চললেও ব্যক্তিগত জীবনে একে অপরের পাশে থাকার গুরুত্বই যে সবচেয়ে বেশি, তাঁদের সম্পর্ক সেই বার্তাই দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole