Summer Recipe: গরমে শরীর ঠান্ডা রাখতে দুপুরের পাতে থাক শসার শুক্তো, স্বাদে-গুণে মন জিতবে এই পদ

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: গ্রীষ্মের দুপুরে (Summer Recipe) ভাতের সঙ্গে এক বাটি শুক্তো বাঙালির চিরকালীন পছন্দ। তবে প্রচলিত উচ্ছে, ডাঁটা বা বড়ি দিয়ে তৈরি শুক্তোর বদলে যদি শসা দিয়ে বানানো হয় এই পদ, তা হলে স্বাদ যেমন বদলাবে, তেমনই শরীরও থাকবে ঠান্ডা। গরমের দিনে পেট আর শরীরকে আরাম দিতে শসার শুক্তো হতে পারে আদর্শ রান্না।

আরও পড়ুন:Bottle Gourd Recipe :ঘণ্ট বা ডাল নয়, লাউ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘তিলমোহিনী’, গরম ভাতে জমে যাবে এই পদ

এই রান্নার (Summer Recipe) বিশেষত্ব হল, এতে ব্যবহার করা হয় শসা এবং মটর ডালের বড়া। ফলে একদিকে যেমন পাওয়া যায় শসার শীতল স্বাদ, অন্যদিকে ডালের বড়া এনে দেয় আলাদা মজাদার টেক্সচার। হালকা মিষ্টি আর সর্ষের ঝাঁঝ মিশে এই রান্না হয়ে ওঠে একেবারে ভাতের উপযুক্ত সঙ্গী।

শসার শুক্তো বানাতে প্রথমে মটর ডাল কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই ডালের সঙ্গে আদা, কাঁচালঙ্কা এবং সামান্য জল দিয়ে আধা-মিহি পেস্ট তৈরি করতে হবে। মিশ্রণে নুন ও সামান্য চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিলে বড়া নরম হয়। এরপর গরম সর্ষের তেলে ছোট ছোট বড়া লালচে করে ভেজে তুলে রাখতে হবে।

এবার কড়াইয়ে থাকা তেলেই ফোড়ন দিতে হবে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ও থেঁতো করা কালো সর্ষে দিয়ে। ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে আদা বাটা দিয়ে সামান্য নেড়ে কাটা শসা ও নুন দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর শুক্তো মশলা জলে গুলে মিশিয়ে নিতে হবে।

অন্য দিকে, দুধের সঙ্গে অল্প ময়দা মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করে কড়াইয়ে ঢেলে দিতে হবে। সঙ্গে পরিমাণ মতো জল ও সামান্য চিনি মেশাতে হবে। শসা নরম হয়ে এলে আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলি ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে বড়া সুন্দর ভাবে ঝোল টেনে নিতে পারে।

সব শেষে উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি শসার শুক্তো। গরম ভাতের সঙ্গে এই পদ খেতে যেমন সুস্বাদু, তেমনই গরমে শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে।

শসায় জলের পরিমাণ বেশি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। আবার ডালের বড়া থেকে পাওয়া যায় প্রোটিন। ফলে স্বাদ ও পুষ্টি— দুইয়েরই সুন্দর সমন্বয় ঘটে এই রান্নায়। গরমের দুপুরে একটু অন্য রকম কিছু খেতে চাইলে এই পদ সহজেই জায়গা করে নিতে পারে রোজের মেনুতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole