Narendra Modi:প্রধানমন্ত্রীকে হত্যার ছক? মোদীর কনভয় রুট থেকে উদ্ধার জেলাটিন স্টিক, আটক সন্দেহভাজন যুবক!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বেঙ্গালুরু সফরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। রবিবার প্রধানমন্ত্রী যে পথ দিয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, সেই পথের ধার থেকেই উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত একাধিক জেলাটিন স্টিক। ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই এক সন্দেহভাজন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/05/09/brigade-parade-ground-filled-with-supporters-as-suvendu-adhikari-takes-oath-as-west-bengal-chief-minister/

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন’ কেন্দ্রের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এরই মধ্যে কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে উদ্ধার হয় জেলাটিন স্টিকগুলি। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সফরের আগে পুলিশের কাছে একটি সন্দেহজনক ফোন আসে। সেই ফোনকলের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। পরে রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক সামগ্রী।

পুলিশের দাবি, রবিবার ভোরে স্থানীয় থানায় ফোন করে এক ব্যক্তি এইচএএল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং কেন্দ্রে বিস্ফোরণের আশঙ্কার কথা জানান। এরপরই উচ্চ সতর্কতা জারি করে তল্লাশি শুরু হয়। যদিও এইচএএল বিমানবন্দর সংলগ্ন এলাকায় কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি, তবে প্রধানমন্ত্রীর (Narendra Modi) নির্ধারিত যাত্রাপথের কাছ থেকেই উদ্ধার হয় জেলাটিন স্টিক। ঘটনার পর কোরামাঙ্গালায় নিজের বাড়ি থেকে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তদন্তকারী সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি এর আগেও বেঙ্গালুরুতে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সফরের সময় একই ধরনের ভুয়ো সতর্কবার্তা দিয়ে পুলিশের নজরে এসেছিলেন। সেই সময় তাঁর মানসিক সমস্যার বিষয়টি সামনে আসায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এবার প্রধানমন্ত্রীর সফরপথে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, উদ্ধার হওয়া বিস্ফোরক সেখানে কীভাবে পৌঁছাল, কারা তা সরবরাহ করেছিল এবং এর পেছনে কোনও সংগঠিত নাশকতার ছক ছিল কিনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।