Nicco Park: নিকো পার্কে জলে নামার পর অসুস্থ হয়ে মৃত্যু কিশোরের, শোকের ছায়া পরিবারে

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নিকো পার্কের (Nicco Park) ওয়াটার পার্কে আনন্দ করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা। জলেই অসুস্থ হয়ে পড়ে এক ১৮ বছরের কিশোর। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।সূত্রের খবর অনুযায়ী, মৃত কিশোরের নাম রাহুল দাস, বাড়ি উত্তর কলকাতার উল্টোডাঙায় (Ultodanga)। রবিবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি ওয়াটার পার্কে (Water Park) স্নান করছিলেন। সেই সময় কর্তব্যরত লাইফগার্ডরা লক্ষ্য করেন, রাহুল আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন।

আরও পড়ুন: বিচক্ষণ রাজনীতির পথে আবারও জয়ী রাজ্য, SSC মামলায় হাই কোর্টে ধাক্কা খেলেন ‘চিহ্নিত অযোগ্য’রা

তৎক্ষণাৎ তাকে জল থেকে উদ্ধার করে পার্কের (Nicco Park) নিজস্ব মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিকো পার্কের (Nicco Park) অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাহুলের অকালমৃত্যুতে তার পরিবার এবং বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত নিরাপত্তা ব্যবস্থা চালু থাকলেও এই দুঃখজনক ঘটনা ঘটেছে এবং তারা ঘটনার তদন্তে সহযোগিতা করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

কিশোরের মৃত্যুর খবর পেয়ে প্রথমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ পৌঁছে যায় সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। একইসঙ্গে বিশাল পুলিশবাহিনী পৌঁছয় নিকো পার্কে। কীভাবে এই মর্মান্তিক মৃত্যু ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাহুল দাসের সঙ্গে থাকা বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, কোনও একটি ওয়াটার রাইড থেকে জলে পড়ে যায় রাহুল। এই পতনের কারণেই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল স্টেটমেন্ট মেলেনি কর্তৃপক্ষের পক্ষ থেকে।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পার্কে আসা অন্যান্য দর্শনার্থীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ফলে, আপাতত বন্ধ রাখা হয়েছে নিকো পার্কের ওয়াটার জোন। প্রসঙ্গত, এর আগেও ২০১২ সালে একটি ‘জয়রাইড’ ভেঙে পড়ার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছিলেন। সেই সময়ও পার্কের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। এবার রাহুলের মৃত্যুর ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়ল নিকো পার্ক কর্তৃপক্ষের দায়িত্ববোধ ও ব্যবস্থাপনা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।