নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক চালচিত্রে আরও একবার স্বস্তির হাওয়া বইল রাজ্যের শাসক মহলে। বহুল আলোচিত স্কুল সার্ভিস কমিশনের (SSC) নতুন নিয়োগবিধি ঘিরে জটিল আইনি লড়াইয়ের পর, কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) রাজ্যের পক্ষে রায় দিয়ে কার্যত সবুজ সংকেত দেখাল আগামী শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে।
হাই কোর্টের (Kolkata High Court) ডিভিশন বেঞ্চ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস জানিয়ে দিলেন, নতুন নিয়ম মেনেই হবে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৩০ মে প্রকাশিত এসএসসির বিজ্ঞপ্তি বহাল থাকছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ববর্তী কর্ম-অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত ১০ নম্বর, সঙ্গে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নম্বর বিভাজনের নতুন নিয়মও বহাল থাকছে। এই বিধি চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থীদের তরফে মামলা হলেও, হাই কোর্ট তাদের দাবি খারিজ করে দেয়।
তবে স্পষ্ট নির্দেশ, ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীরা কোনওভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। অর্থাৎ, যাদের নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court), তাদের আর পুনরায় এই পরীক্ষায় বসার সুযোগ নেই। এর ফলে একদিকে যেমন নিয়োগে স্বচ্ছতা বজায় থাকবে বলে দাবি রাজ্যের, অন্যদিকে শাসকদল রাজনৈতিকভাবে পাচ্ছে একটি বড় হাতিয়ার। আইন মেনেই চলেছে তারা, এই বার্তা পৌঁছে দেওয়া যাবে জনগণের দরবারে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ইতিমধ্যেই ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে। সেই নির্দেশেই এসএসসি-কে (SSC) ফের নিয়োগ পরীক্ষা আয়োজনের কথা বলা হয়। সেইমতো পোর্টাল খোলা হয়, বিজ্ঞপ্তিও জারি হয়। এই রায়ের ফলে একদিকে যেমন এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া আর আইনি জটিলতায় আটকে থাকল না, অন্যদিকে বিরোধী পক্ষের দুর্নীতির অভিযোগেও খানিকটা জল ঢালার সুযোগ পেল রাজ্য সরকার। ফলে, রাজনৈতিক দাবা খেলায় আবারও এক ধাপ এগিয়ে গেল শাসক শিবির। এখন অপেক্ষা SSC-র হাতে থাকা নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কতটা স্বচ্ছতা ও গতি আনা যায়, সেটাই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক রণনীতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
