নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষা নয়, আজ অস্তিত্বের লড়াই! আর সেই লড়াই শুরু হলো রবিঠাকুরের মাটি থেকে। বোলপুরের (Bolpur) রাঙা মাটিতে সোমবার যেন ইতিহাস নিজের পুনরাবৃত্তি করল। হাতে রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) ছবি, বাংলার অক্ষরমালা, কণ্ঠে ‘আমি বাংলায় গান গাই’ এই দৃশ্য কেবল এক মিছিল নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির পক্ষে এক রণদামামি। মিছিলের অগ্রভাগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আর তার পাশে শতাব্দী রায় (Satabdi Roy), ফিরহাদ হাকিম (Firhad Hakim), অসিত মাল সহ তৃণমূল নেতৃত্ব। একদিকে পথচলা, অন্যদিকে পথের দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার উত্তাল সমর্থন! যেন বাংলা নিজের মায়ের ভাষার পাশে এসে দাঁড়িয়েছে।
দুপুর ২ টো থেকে মিছিল শুরু হয় বোলপুর (Bolpur) টুরিস্ট লজ মোড় থেকে। গন্তব্য চার কিলোমিটার দূরে জামবনি বাসস্ট্যান্ড। মাঝপথে কখনও তার হাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) প্রতিকৃতি, কখনও নজরুল, কখনও ‘ব’ অক্ষর — এ যেন এক চলন্ত পাঠশালা, যার পাঠ বাংলার আত্মপরিচয়ের।
এই লড়াই হঠাৎ আসেনি। ২১ জুলাইয়ের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছিলেন, বাংলা ভাষার উপর আঘাত সহ্য করা হবে না। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। তারই অংশ হিসেবে ২৭ জুলাই ‘নানুর দিবস’ থেকে শুরু হয়েছে জেলার পর জেলা ভাষা আন্দোলনের কর্মসূচি। রবিবার নানুর থেকে শুরু হয়েছিল প্রস্তুতি, আর সোমবার বোলপুরে হল সেই পথচলার আনুষ্ঠানিক সূচনা। মিছিলে শুধু ভাষার দাবি নয়, উঠে এল বাংলার কৃষ্টি, সংস্কৃতির প্রশ্নও। বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথ সকলেই যেন আজকের লড়াইয়ের প্রতীক।
জামবনি বাসস্ট্যান্ডে সভা শেষে মমতা (Mamata Banerjee) ফের স্মরণ করালেন বাংলার চেতনার কথা। বললেন, “বাঙালিরা দেশের অন্যত্র কাজ করতে গেলে কেন তাদের হেনস্তা হতে হবে? আমরা তো সবাইকে আশ্রয় দিই, তাহলে বাঙালিদের কেন নয়?” এই মিছিল কেবল প্রতিবাদ নয়, এ বাংলার আত্মসম্মানের পদযাত্রা। এবার বাংলা বলছে, “আমার ভাষা, আমার অহংকার।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
