Jhargram : শীতের শুরুতেই ঝাড়গ্রামে রঙিন লালমাটির হাট, পর্যটনে নতুন প্রাণ জঙ্গলমহলে

জেলা ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: শীতের শুরুতেই আবার রঙিন হয়ে উঠল জঙ্গলমহলের পর্যটন মানচিত্র। রবিবার ঝাড়গ্রামের (Jhargram) প্রাণকেন্দ্রে রবীন্দ্র পার্কে উদ্বোধন হল বহুল প্রতীক্ষিত ‘লালমাটির হাট’ (Lalmatir Haat) । স্থানীয় সংস্কৃতি, আদিবাসী শিল্পকলা ও লোকজ ঐতিহ্যকে ঘিরে আয়োজিত এই বিশেষ হাট এ বছর পা রাখল পঞ্চম বর্ষে। ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে এই হাট শুধু পর্যটকদের আকর্ষণের কেন্দ্র নয়, বরং স্থানীয় শিল্পী ও উদ্যোক্তাদের জীবিকাও বদলে দিয়েছে। সবুজে মোড়া পার্কের খোলা প্রান্তরে সারি সারি স্টলে সাজানো হয়েছে জঙ্গলমহলের নিজস্ব শিল্পরীতি। কোথাও বাঁশ ও বেতের টোকরি, কোথাও দস্তার তৈরি বাসনপত্র, কাঠের অলংকার, আদিবাসী নকশা খোদাই করা শোপিস, সাঁওতালি সংস্কৃতির প্রতীকী সামগ্রী— সব মিলিয়ে যেন এক জীবন্ত প্রদর্শনী। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলিতে মিলছে পিঠে, পুলি, মোয়া, গুড়ের মিষ্টি ও স্থানীয় রান্নার স্বাদ, যা শীতে বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ।

আরও পড়ুন : Esplanade : শতাব্দীপ্রাচীন এল–২০ বাসস্ট্যান্ডে ইতি, ১০ ডিসেম্বর থেকে শুরু নতুন অধ্যায় এসপ্ল্যানেডে

শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে তৈরি হলেও ঝাড়গ্রামের (Jhargram) এই লালমাটির হাট আজ নিজস্ব পরিচিতিতে উজ্জ্বল। এখানকার প্রতিটি শিল্পকর্মে ফুটে ওঠে লালমাটির অঞ্চলের রুক্ষ সৌন্দর্য, ঘামঝরা শ্রম আর আদিবাসী সংস্কৃতির জীবনদর্শন। বিশেষভাবে উল্লেখযোগ্য—এই হাট সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে স্থানীয় মহিলাদের হাতেই। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তারা আজ নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ পাচ্ছেন, যা তাদের আর্থিক স্বাধীনতার পথ আরও মজবুত করছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শীত পড়তেই জঙ্গলমহলে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মরসুমের সুযোগে লালমাটির হাট ঘিরে স্থানীয় ব্যবসা ও পর্যটন অর্থনীতিও নতুন গতি পাচ্ছে। রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি স্টল ঘুরে শিল্পীদের সঙ্গে কথা বলেন, তাদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। লালমাটির গন্ধ, ঢোল-মাদলের তালে লোকজ সুর, হস্তশিল্পের রঙিন সম্ভার আর গ্রামবাংলার স্বাদ—সব মিলিয়ে এ বছরের লালমাটির হাট আবারও ঝাড়গ্রামের (Jhargram) শীতের পর্যটনে এক অনন্য অভিজ্ঞতা যোগ করল।