Firhad Hakim: পরিত্যক্ত গাড়ির দাপট শেষ! সকালে রাস্তায় পার্কিং নিষিদ্ধ করছে পুরসভা, পুলিশের সঙ্গে সমন্বয়

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: কলকাতা শহরের রাস্তা পরিষ্কারের কাজে বারবার বাধা আসছে, এ অভিযোগ বহুদিন ধরেই মিলছিল ‘টক টু মেয়র’ কর্মসূচিতে। অবশেষে অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে কঠোর অবস্থান নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়েছেন, রাস্তা সাফাইয়ের সময় যাতে কোনও গাড়ি পার্ক করে রাখা না থাকে, সে বিষয়ে এবার কঠোর নজরদারি হবে। নতুন নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরের কোনও রাস্তাতেই গাড়ি রাখা যাবে না—এই সময়টিকে ‘নো পার্কিং রুল’ (No Parking Rule) হিসেবে ঘোষণা করা হচ্ছে। বিশেষ করে বহুদিন ধরে রাস্তার ধারে পড়ে থাকা পরিত্যক্ত গাড়িগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পুরসভা।

আরও পড়ুন: Weather Update : দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ পতন, কলকাতা সহ সব জেলায় শীতের দাপট

কিছুদিন আগে পুরসভার মাসিক অধিবেশনে পুরসভার চেয়ারপার্সন মালা রায়ও একই সমস্যার কথা তুলে ধরেছিলেন। সাফাই কর্মীদের কাজ বাধাগ্রস্ত হওয়া, রাস্তার ধারে অপরিষ্কার পরিবেশ তৈরি হওয়া এবং বহু জায়গায় পার্কিংয়ের জটিলতার মতো বিষয়গুলিকে সামনে এনে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সেই আলোচনার জেরেই বিষয়টি গুরুত্ব পায়। পরে ‘টক টু মেয়র’–এ সরাসরি অভিযোগ আসতেই পুরসভা তৎপর হয়ে ওঠে। মেয়রের নির্দেশে পুর কমিশনার সুমিত গুপ্তা পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন নিয়ম বাস্তবায়নে লালবাজারের সহযোগিতা চেয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাঠানোর পর মেয়র ও পুলিশ কমিশনারের মধ্যে ফোনে কথাও হয়। ঠিক হয়েছে, পুলিশ থানাভিত্তিক বৈঠকের মাধ্যমে পুরসভাকে জানাবে—কী ভাবে তারা এই প্রক্রিয়ায় সহায়তা করবে। পাশাপাশি আইনি দিক থেকেও কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাও খতিয়ে দেখা হচ্ছে ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শহরের বহু জায়গায় মাসের পর মাস রাস্তার ধারে পরিত্যক্ত গাড়ি পড়ে থাকে। কিছু ক্ষেত্রে থানার সামনেও দেখা যায় এমন গাড়ি। এসব গাড়ির নীচে ময়লা জমে থাকে, ফলে সাফাই কর্মীদের কাজ আরও কঠিন হয়ে পড়ে। আবার বিভিন্ন আবাসিক এলাকায় বাড়ির সামনে স্থায়ী পার্কিংয়ের কারণেও ঝাড়ুদাররা কাজ শুরু করতে পারেন না। নিয়মিত সাফাই প্রায় বাধাগ্রস্ত হয় । এই পরিস্থিতিতে শহর জুড়ে বড়সড় প্রচার অভিযান শুরু করবে পুরসভা। নাগরিকদের জানানো হবে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সাফাই হয়, তাই ওই সময় রাস্তায় গাড়ি ফাঁকা রাখতে হবে। নগরজীবনের স্বাভাবিক ছন্দ বজায় রাখা এবং পরিচ্ছন্ন কলকাতা (Clean Kolkata Initiative) গড়ে তুলতে এই উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, সেবিষয়েই আশাবাদী পুরসভা।