Esplanade : শতাব্দীপ্রাচীন এল–২০ বাসস্ট্যান্ডে ইতি, ১০ ডিসেম্বর থেকে শুরু নতুন অধ্যায় এসপ্ল্যানেডে

কলকাতা

নিউজ পোল ব্যুরো: আগামী ১০ ডিসেম্বর থেকে কলকাতার পরিবহণ মানচিত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে। ধর্মতলার শতাব্দীপ্রাচীন ‘এল–২০ বাসস্ট্যান্ড’ (L20 Bus Stand) স্থানান্তরিত হচ্ছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশনের (East-West Metro, Esplanade Metro Station) কাছে। জোকা–এসপ্ল্যানেড মেট্রোপথ (Joka-Esplanade Metro) নির্মাণের কাজের সুবিধার জন্য এই গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে আর ধর্মতলা থেকে বাস ধরতে পারবেন না যাত্রীরা, তাদের যেতে হবে নতুন ঠিকানায়।

আরও পড়ুন : Weather Update : দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ পতন, কলকাতা সহ সব জেলায় শীতের দাপট

নতুন বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ‘এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড অফ স্টেট গভর্নমেন্ট বাস’ (Esplanade Bus Stand of State Government Bus)। ইতিমধ্যেই আলোয় সেজে উঠেছে নয়া টার্মিনাস। প্রথম ধাপে ১০ ডিসেম্বর থেকে এখান থেকে সরবে ডব্লুবিটিসি (WBTC) ও এনবিএসটিসি (NBSTC)-র বাস। দ্বিতীয় ধাপে ধীরে ধীরে স্থানান্তরিত হবে এসবিএসটিসি (SBSTC)-র বাসগুলি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সব প্রয়োজনীয় পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি। প্রায় ৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এই নতুন বাসস্ট্যান্ড। যাত্রীদের সুবিধার জন্য থাকছে আধুনিক ওয়েটিং রুম, ফুড কোর্ট, শৌচাগার, শেড, এমনকি এসি টিকিট কাউন্টারও। প্রতিদিন এই টার্মিনাস থেকে গড়ে ৩০০ থেকে ৩৫০টি সরকারি বাস চলাচল করে। রোজ হাজার হাজার মানুষ এই বাসস্ট্যান্ড ব্যবহার করেন। আগামী দিনে তাদের সকলকেই নতুন ঠিকানা থেকে বাস ধরতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

ধর্মতলার (Esplanade) এই এলাকাতেই ভবিষ্যতে একসঙ্গে মিলিত হবে নিউ গড়িয়া–দক্ষিণেশ্বর মেট্রো, হাওড়া ময়দান–সেক্টর ফাইভ মেট্রো এবং জোকা–এসপ্ল্যানেড মেট্রো। পরিকল্পনায় রয়েছে এক বিশাল তিনতলা ইন্টারচেঞ্জ স্টেশন, যেখানে যাত্রীরা সহজেই এক মেট্রো লাইন থেকে অন্য লাইনে বদল করতে পারবেন। এই বৃহৎ প্রকল্পের কারণেই এল–২০ বাসস্ট্যান্ড ও বিধান মার্কেট সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও বেসরকারি বাসস্ট্যান্ড কবে সরবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমেই পুরো স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। উল্লেখযোগ্যভাবে, নতুন বাসস্ট্যান্ড নির্মাণের সমস্ত খরচ বহন করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার যান চলাচলের ইতিহাসে এই পরিবর্তন নিঃসন্দেহে এক নতুন অধ্যায়।