Fish Frying Tips: অল্প তেলেই নিখুঁত মাছ ভাজা! জানুন ৫ সহজ রান্নার কৌশল

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাঙালির পাতে মাছ মানেই আলাদা আবেগ। দুপুরের খাবারে রুই, কাতলা, পারশে বা চিংড়ি—একটুও হলেই জমে যায় ভাতের থালা। তবে এখন অনেকেই স্বাস্থ্য সচেতন। তাই রান্নায় তেলের ব্যবহার কমাতে চান। সমস্যা শুরু হয় তখনই, যখন অল্প তেলে মাছ ভাজতে গিয়ে মাছ কড়াইয়ে লেগে যায়, উল্টাতে গেলেই ভেঙে পড়ে বা চামড়া ছাড়িয়ে যায়। সুন্দর করে কাটানো মাছের পিস তখন আর সুন্দর থাকে না। অথচ কিছু ছোট কৌশল জানলে অল্প তেলেও অনায়াসে মুচমুচে, সুন্দর মাছ ভাজা (Fish Frying Tips) সম্ভব।

আরও পড়ুন: Cauliflower : শীতকালে ফুলকপি খাওয়া কি সত্যিই ক্ষতিকর? উপকারিতা, গ্যাসের সমস্যা ও সমাধানের সহজ উপায় জানুন

চলুন জেনে নেওয়া যাক সেই ৫টি গুরুত্বপূর্ণ উপায়—

১) মাছ একেবারে শুকনো না হলে ভাজবেন না

মাছ ধোয়ার পর অবশ্যই জল ঝরিয়ে নিতে হবে। অনেকেই ভেজা অবস্থাতেই মাছ কড়াইয়ে ছেড়ে দেন, এতে মাছ ভাঙা ও তেল ছিটকে পড়ার সমস্যা হয়। সবচেয়ে ভাল হয় কিচেন টিসু দিয়ে মাছের গা ভাল করে মুছে নেওয়া। মাছ যত শুকনো হবে, ভাজার (Fish Frying Tips) সময় তত সুন্দর থাকবে।

২) মাখানো মশলা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বেন না

মাছের গায়ে নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো মাখিয়ে তেলে ছাড়ার পর অন্তত ৪–৫ মিনিট এক দিকেই ভাজতে দিন। অনেকেই তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে উল্টে দেন, ফলে মাছ ভেঙে যায়। আগে একটা দিক ভালো করে শক্ত হতে দিন, তারপর আলতো করে উল্টান।

৩) তেল ঠিকঠাক গরম না হলে বিপদ নিশ্চিত

তেল পুরোপুরি গরম হওয়ার আগেই মাছ ছাড়লে মাছ কড়াইয়ে লেগে যায়। তেল ঠিক গরম হয়েছে কিনা বোঝার জন্য একফোঁটা জল বা মশলার কণা ফেলতে পারেন—জোরে ছিটকে উঠলে তেল প্রস্তুত।

৪) মাঝারি আঁচেই ভাজুন

অতি কম আঁচে মাছ দিলে মাছ লেগে যাওয়ার ঝুঁকি বাড়ে, আবার খুব বেশি আঁচেও বাইরেটা পুড়ে ভিতর কাঁচা থাকে। তাই মাছ ভাজার জন্য মাঝারি আঁচ সবচেয়ে নিরাপদ।

৫) সামান্য ময়দা ছড়ালেই হবে কামাল

খুব অল্প তেলে মাছ ভাজতে চাইলে মাছে নুন-হলুদ মাখানোর পর হালকা করে এক চিমটে ময়দা ছড়িয়ে নিন। এতে মাছ ভাঙবে না, কড়াইয়েও কম লাগবে আর বাইরেটা হবে সুন্দর মুচমুচে।

এই ছোট ছোট টিপস মেনে চললেই অল্প তেলেও নিখুঁত মাছ ভাজা সম্ভব। স্বাস্থ্যও থাকবে ভালো, আবার স্বাদেও একটুও কমতি পড়বে না। এবার নিশ্চিন্তে রোজের পাতে কম তেলে ঝরঝরে মাছ ভাজা তুলতেই পারেন!

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole