Cauliflower : শীতকালে ফুলকপি খাওয়া কি সত্যিই ক্ষতিকর? উপকারিতা, গ্যাসের সমস্যা ও সমাধানের সহজ উপায় জানুন

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: শীতকাল মানেই বাজার ভরে ওঠে টাটকা ফুলকপিতে (Cauliflower)। অনেকেই ঠান্ডার দিনে এই সব্জিটি খেতে ভয় পান, কারণ ফুলকপি খেলেই কারও কারও গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি শুরু হয়। কিন্তু সঠিক নিয়ম মেনে খেলে ফুলকপি(Cauliflower) শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সব্জি। এই সব্জিতে রয়েছে প্রচুর ফাইবার, যা হজম ভালো রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ক্যালরির পরিমাণ কম হওয়ায় যারা ওজন কমাতে চান, তাদের খাদ্যতালিকায় ফুলকপি (Cauliflower) অনায়াসেই জায়গা করে নিতে পারে। ফুলকপিতে (Cauliflower)থাকা ক্যালশিয়াম ও ফ্লোরাইড হাড় ও দাঁত মজবুত করে। পাশাপাশি এতে থাকা সালফোরাফেন নামক একটি উপাদান হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ভিটামিন বি, সি এবং কে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে শীতকালে সর্দি-কাশির প্রকোপ থেকেও অনেকটা সুরক্ষা মেলে। এছাড়া এই সব্জিতে থাকা পর্যাপ্ত ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

আরও পড়ুন : IIM Sambalpur : আইআইএম সম্বলপুর আরএআই-এর সাথে যৌথভাবে শুরু করল “ব্র্যান্ড ইন ইন্ডিয়া” অভিযান

তবে সমস্যার জায়গাটা আসে ফুলকপি হজমের ক্ষেত্রে। এই সব্জিতে রাফিনোজ ও কিছু বিশেষ শর্করা থাকে, যা সহজে হজম হয় না। অন্ত্রে পৌঁছে সেগুলি গাঁজনের মাধ্যমে গ্যাস তৈরি করে, ফলে পেট ফাঁপা, ব্যথা বা অস্বস্তি হতে পারে। কিন্তু রান্নার আগে কিছু সহজ অভ্যাস মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। ফুলকপি (Cauliflower) কেটে আধ ঘণ্টা খোলা বাতাসে রাখলে তার কিছু গ্যাস-উৎপাদক উপাদান প্রাকৃতিকভাবেই বেরিয়ে যায়। রান্নার আগে হালকা ভাপিয়ে নিয়ে সেই জল ফেলে দিলে ফুলকপির হজমের সমস্যা আরও কমে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রান্নার সময় জিরে, মৌরি, হিং, আদা, ধনের মতো হজমে সহায়ক মশলা ব্যবহার করলে পেটের অস্বস্তি অনেকটাই এড়ানো যায়। পাশাপাশি যে দিন ফুলকপি খাবেন, সে দিন পর্যাপ্ত জল পান করা খুব জরুরি। চাইলে মৌরি ভেজানো জল বা হালকা ভেষজ চাও পান করা যেতে পারে। দইয়ের মতো প্রোবায়োটিক খাবার ফুলকপির সঙ্গে বা পরে খেলে অন্ত্রের সুস্থতা বজায় থাকে এবং গ্যাসের সমস্যা কম হয়। শীতকালে ফুলকপি (Cauliflower) খাওয়া একেবারেই বন্ধ করার কোনও কারণ নেই। সঠিক নিয়মে রান্না ও খাওয়ার অভ্যাস থাকলে এই সব্জির গুণই মিলবে, পার্শ্বপ্রতিক্রিয়া নয়।