নিউজ পোল ব্যুরো: শীতের আমেজ রাজ্যজুড়ে জমে উঠতেই বাজারেও এসেছে নানা রকমের মরসুমি শাকসব্জির বাহার। শীতকাল মানেই টাটকা সব্জির ভাণ্ডার। সারা বছরই রান্নায় টম্যাটো ব্যবহার করা হলেও, শীত পড়তেই অনেকেরই পাতে লাল টম্যাটোর বদলে জায়গা করে নেয় সবুজ বা কাঁচা টম্যাটো। কারণ কাঁচা টম্যাটো শুধু রান্নার স্বাদই বাড়ায় না, বরং স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী। শীতের উপযোগী এই সব্জিটি নিয়ে আজকের আলোচনা।
প্রথমেই আসা যাক কাঁচা টম্যাটোর পুষ্টিমান। প্রায় ২৪০ গ্রাম কাঁচা টম্যাটোতে থাকে ১৫ মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং ৪৫ মিলিগ্রাম ফসফেট। এই দুটি উপাদান একদিকে যেমন বাতের ব্যথা কমাতে সাহায্য করে, তেমনই শীতকালে হাড়ের ক্ষয় রোধ করতেও বিশেষ ভূমিকা নেয়। ফলে বয়স্ক মানুষ বা যারা জয়েন্টের ব্যথায় ভোগেন, তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় কাঁচা টম্যাটো রাখা দারুণ উপকারী।
এছাড়াও কাঁচা টম্যাটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটাভিন সি ও ই, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে সংক্রমণ ছড়ানোর প্রবণতা বাড়ে, তাই শরীরকে রোগ প্রতিরোধী রাখতে সবুজ টম্যাটোর ভূমিকা অনস্বীকার্য। দাঁত এবং ত্বকের সুস্থতার ক্ষেত্রেও এই ভিটামিনগুলি খুবই কার্যকর। কাঁচা টম্যাটোতে থাকা কিউমেরিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিড শরীরে ক্যানসার কোষ গঠনের আশঙ্কা অনেকটাই কমাতে পারে। নিয়মিত ডায়েটে এই উপাদান যুক্ত থাকলে শরীর থাকে আরও সুরক্ষিত।

সবুজ টম্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান লাইকোপেন, যা এক শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। এটি হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে, ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে এবং প্রস্টেট ও পাকস্থলীর ক্যানসার রোধেও কার্যকর ভূমিকা পালন করে। তাই হৃদ্স্বাস্থ্য থেকে স্কিন কেয়ার, সব জায়গাতেই কাঁচা টম্যাটো সমানভাবে উপকারী। কাঁচা টম্যাটোতে থাকা ভিটামিন বি ও পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদ্রোগের ঝুঁকি হ্রাস করে। ফলে যারা উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল সমস্যায় ভোগেন, তাঁদের জন্যও এটি অত্যন্ত স্বাস্থ্যকর একটি সব্জি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
সব মিলিয়ে বলতে গেলে, শীতকালের পাতে নিয়মিত কাঁচা টম্যাটো রাখলে স্বাদও বাড়ে, স্বাস্থ্যও সুরক্ষিত থাকে। শীতের এই সহজলভ্য সব্জিটি তাই আপনার রোজকার ডায়েটে অবশ্যই জায়গা পেতে পারে।
