নিউজ পোল ব্যুরো: ইন্ডিগোর (IndiGo) ধারাবাহিক বিমান বিভ্রাটের কারণে উত্তরবঙ্গ (North Bengal) ও সিকিমের (Sikkim) পর্যটন শিল্প অভূতপূর্ব সংকটে পড়েছে। কয়েক দিন ধরেই দেশের নানা প্রান্তে এই সংস্থার বিপুল সংখ্যক উড়ান বাতিল হওয়ায় পাহাড়মুখী পর্যটকদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে বাগডোগরা বিমানবন্দরকেন্দ্রিক পর্যটন ব্যবসায়, যেখান থেকে প্রতিদিন ইন্ডিগোর (IndiGo) অন্তত বারোটি উড়ান কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই ও দুর্গাপুরের উদ্দেশে যাতায়াত করে। কিন্তু টানা বিভ্রাটে সেই পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়ায় উত্তরবঙ্গের শীতকালীন পর্যটন মরশুম অনিশ্চয়তায় ঢেকে গিয়েছে
পর্যটন দপ্তর ও ট্যুর অপারেটরদের হিসেব অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং ও সিকিমে আগাম বুকিং করা ভিন রাজ্যের প্রায় ১৫ শতাংশ পর্যটক ইতিমধ্যেই ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন। এতে হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ ও পরিবহণ সংস্থাগুলোর সম্মিলিত ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি দ্রুত না বদলালে ক্ষতি দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। কারণ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, গুজরাট, কেরালা ও বিহারের অন্তত ৮০ শতাংশ পর্যটক এই অঞ্চলে যাতায়াতের জন্য ইন্ডিগোর নির্ভরযোগ্য উড়ানের ওপর ভরসা করেন।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট স্যান্যাল জানিয়েছেন, দক্ষিণ ভারত থেকে তার সংস্থার মাধ্যমে আসার কথা ছিল বেশ কয়েকটি বড় পর্যটকদলের। কিন্তু ইন্ডিগোর অনিশ্চিত পরিষেবা দেখে তারা নির্ধারিত তারিখে হোটেল–হোমস্টে বুকিং বাতিল করেছেন। তিনি আরও বলেন, শীতের মৌসুমে সিকিম–দার্জিলিং এলাকাগুলো মূলত ভিন রাজ্যের পর্যটকদের ওপর নির্ভরশীল। তাই টানা বিমান সমস্যার জেরে স্থানীয় ভ্রমণ শিল্প বিপন্ন হয়ে পড়েছে।
সিকিমে বর্তমানে প্রায় ১,১৮১টি হোটেল, ১,৯৮১টি হোমস্টে এবং ৬০০-র বেশি রেস্তোরাঁ রয়েছে; শীত শুরু হতেই যেখানে বুকিংয়ের জোয়ার দেখা যায়। কিন্তু চলতি সংকটে সেই সব জায়গায় বুকিং নেমে গিয়েছে তলানিতে। একই অবস্থা দার্জিলিং ও কালিম্পংয়েও; দার্জিলিংয়ের সাড়ে তিনশো এবং কালিম্পংয়ের প্রায় দু’শো হোটেলেই প্রতিদিন বাতিলের নোটিশ জমা পড়ছে। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসুর মতে, বিমান পরিষেবার অনিশ্চয়তায় পর্যটকদের আস্থা তলানিতে নেমেছে। এর ফলে উত্তরবঙ্গ এবং সিকিমের সামগ্রিক পর্যটন অর্থনীতি যে বড়সড় ধাক্কা খেতে চলেছে, তা এখনই স্পষ্ট হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
