Syed Mushtaq ali trophy: হরিয়ানার কাছে হেরে মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: সৈয়দ মুস্তাক আলি ট্রফির (syed mushtaq ali trophy) কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ বাংলা। তাদের হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হতো। কিন্তু সে স্বপ্ন পূরণ হল না বাংলার। হরিয়ানার কাছে ২৪ রানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলা।

হরিয়ানার বিরুদ্ধে ম্যাচেও বল হাতে আগুন ঝরালেন মহম্মদ শামি (Mohammad Shami)। ১৮ এবং ২০তম ওভারে দু’টি করে তুলে নিলেন মোট চার উইকেট। ইনিংস শেষে শামির বোলিং ফিগার ছিল চার ওভারে ৩০ রানে চার উইকেট। তবে সেভাবে সাহায্য পাননি বাকিদের থেকে। সায়ন ঘোষ (Sayan Ghosh), আকাশ দীপরা উইকেট পেলেও প্রচুর রান খরচ করেন। ফলে ২০ ওভারে ১৯১ রান তোলে হরিয়ানা।

আরও পড়ুন:Super Cup final : ইস্টবেঙ্গলের হারের কারণ জানালেন বিনো জর্জ।

জয়ের জন্য ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা অল আউট হয়ে গেল ২০ ওভারে ১৬৭ রানেই। অভিষেক পোড়েল (Abhishek Porel) ২৪ বলে ৪৭, ঋত্বিক চট্টোপাধ্যায় (Writtik Chatterjee) ৩৩ বলে ৪৪ ও যুবরাজ কেসোয়ানি ১৪ বলে ২৫ রান করেন।

সোমবার বাংলার শেষ পাঁচ উইকেট পড়ে ২২ রানের ব্যবধানে। ১২ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১২৩। এর পর থেকেই ম্যাচের রাশ নেয় হরিয়ানা। অংশুল কম্বোজ, সুমিত কুমার, ইশান্ত ভরদ্বাজ ও সামন্ত জাখর দুটি করে উইকেট নেন। টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা‌। হরিয়ানা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। নিশান্ত সিন্ধু করেন ৩১ বলে ৪৮ রান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

মহম্মদ শামি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। চলতি টুর্নামেন্টে দ্বিতীয়বার ম্যাচে চার উইকেট দখল করে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনে পৌঁছে যান তিনি। আকাশ দীপ ৪ ওভারে ৩২ ও প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২০ রান খরচ করে দুটি করে উইকেট নেন। সায়ন ঘোষ একটি উইকেট নিয়েছেন ৪ ওভারে ৪৬ রান দিয়ে‌। শাহবাজ আহমেদ ৪ ওভারে ৩২, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ১ ওভারে ১৭ ও করণ লাল ১ ওভারে ১৪ রান দেন।