Super Cup final : ইস্টবেঙ্গলের হারের কারণ জানালেন বিনো জর্জ।

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: গ্যালারি ঠাসা সমর্থকের খেলার অভিজ্ঞতা ছিল ইস্টবেঙ্গলের (East Bengal)। কিন্তু সেই অভিজ্ঞতা কাজে এল না। গোয়ার গ্যালারির চাপ রাখতে পারেনি ইস্টবেঙ্গল। তাই এফসি গোয়ার (FC Goa) ঘরে মাঠে তাদেরই বিরুদ্ধে ট্রাইবেকারে হারল ইস্টবেঙ্গল। এমনই মনে করেন কোচ বিনো জর্জ। ম্যাচ হারের পর তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন ঘড়ির কাটায় রাত ১১:৩০টা। হারে বিধ্বস্ত মুখ। অস্কার ব্রুজোঁ ছিলেন না। তাই তাকেই দায়িত্ব সামলাতে হয়েছে।

আরও পড়ুন:MLS Cup Final: মেসির হাতে এমএলএস ট্রফি, শুভ সমাপ্তি বুসকেটস, জর্দি আলবারও

ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ (Bino George) বলেছেন, গোয়ার সমর্থকরাই পার্থক্য তৈরি করে দিয়েছে। সমর্থকদের একটা চাপ ছিল এই মাঠে। সেই পার্থক্য গড়ে দিল।” ফের তীরে এসে তরী ডুবল ইস্টবেঙ্গলের। রবিবার রাতে গোয়ায় স্বপ্নভঙ্গ হল রশিদ, মিগুয়েলদের। চোখের জলে মাঠ ছাড়লেন তারা। শেষ পর্যন্ত লড়াই করেও জয় এল না। পরপর টানা দুটি টুর্নামেন্টের ফাইনালে হারল ইস্টবেঙ্গল। প্রত্যাশিত ছিল হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আর সেটাই হল। শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা চলল।

ম্যাচের শুরুতে ৬ মিনিটে ফ্রি কিক পেলেও গোলের মুখ খুলতে পারেনি লাল-হলুদ। ২০ মিনিটে বিপিন সিংয়ের দুর্দান্ত ক্রসেও বল জালে জড়াতে ব্যর্থ হন নাওরেম মহেশ। ৪২ মিনিটে বিপিন সিংয়ের পাস সোজা চলে আসে নাওরেমের কাছে। তাঁর শট রুখে দেন গোয়ান গোলরক্ষক হৃতিক তিওয়ারি। বিরতির ঠিক আগে ফের একবার সুযোগ ছিল নাওরেমের কাছে। তবে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ বাড়ায় গোয়া। ৬২ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলও। বিপিন সিং পাস বাড়িয়েছিলেন হিরোশিকে লক্ষ্য করে। কিন্তু কাজের কাজ হয়নি। ৭৪ মিনিটে পিভি বিষ্ণুর শট গোল লাইন থেকে ফেরান গোয়ার গোলরক্ষক। ৭৬ মিনিটে বেঁচে যায় ইস্টবেঙ্গল! ৮০ মিনিটে ইস্টবেঙ্গলের গোল লক্ষ্য করে মাঝমাঠ থেকে শট নেন মোরেনো। লাল-হলুদ গোলকিপার কিছুটা এগিয়ে থাকায় সুযোগ পেয়েছিল গোয়া। কিন্তু বল পোস্টে লাগে। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোল না হওয়ায় ম্যাচj গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও গোলের মুখ খোলেনি ১২০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকায় ম্যাচ টাইব্রেকারে পৌঁছয়। সেখানেই ৬-৫ ফলাফলে বাজিমাত করে এফসি গোয়া। যারফলে টানা দুইবার সুপার কাপ চ্যাম্পিয়ন হল দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বিরাট বড় রেকর্ড। ম্যাচের পর গোয়ার কোচ মানালো মারকুয়েজ জানালেন, “সমর্থকদের সামনে জয়টা খুব ভালো অনুভুতি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে কেউ জিততে পারত।”