Tripura: ত্রিপুরার সীমান্তে উত্তেজনা! গরু পাচারকারীদের হানায় আহত পাঁচ বিএসএফ জওয়ান, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা

দেশ

নিউজ পোল ব্যুরো: ত্রিপুরা (Tripura)-বাংলাদেশ (Bangladesh) সীমান্ত আবারও অশান্ত। গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত হলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (BSF) পাঁচ জওয়ান। সেপাহিজালা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি চলাকালীন শুক্রবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনা ঘটে। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার, যখন আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।

আরও পড়ুন: Philippines: দক্ষিণ চিন সাগরে ড্রাগনের সামনে ব্রহ্মস! ভারতীয় আগুনে ভরসা ফিলিপিন্সের

ঘটনাটি ঘটেছে বিশালগড়-কামথানা রোডে। সূত্রের খবর, সেদিন বিএসএফ টহল দল একটি গরু বোঝাই গাড়ি থামানোর নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি নিয়ে পাশের এক স্থানীয় হাটের দিকে পালায়। বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ তাড়া করে সেখানে পৌঁছনোর পর শুরু হয় উত্তেজনা। পাচারকারীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার পর আচমকা তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর চড়াও হয়। হামলায় পাঁচ জওয়ান গুরুতর জখম হন এবং বিএসএফের গাড়িও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।

এই ঘটনার পর সীমান্ত (Tripura) এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিএসএফের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের সনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, এক সিনিয়র বিএসএফ কর্মকর্তা ঘটনার বিস্তারিত বিবরণ দিচ্ছেন। তিনি ক্ষোভের সঙ্গে জানান, হামলার সময় আশপাশে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে এসে সাহায্যের হাত বাড়াননি।

সম্প্রতি এই সীমান্ত এলাকা ঘিরে বাড়ছে অনুপ্রবেশ ও পাচারের অভিযোগ। স্থানীয়দের দাবি, মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশ থেকে ত্রিপুরায় (Tripura) প্রবেশ করা এখন নাকি খুব সহজ! গত পনেরো দিনে খোয়াই থানার পুলিশ ইতিমধ্যেই ২২ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে, ভারতীয় কিছু দালালচক্র টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের গাড়িতে করে নিরাপদে শহরে পৌঁছে দিচ্ছে।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে বিএসএফেরই কিছু সদস্যের বিরুদ্ধে! তারা নাকি পাচারচক্রকে অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবে সহায়তা করছেন। প্রশ্ন উঠছে, সীমান্তে এত শক্তিশালী নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এতো সহজে ঘটছে অনুপ্রবেশ ও পাচার? সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে মাথাব্যথা শুরু হয়েছে প্রশাসনের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole