নিউজ পোল ব্যুরো: দক্ষিণ চিন সাগরে ক্রমশ ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। এবার সেই উত্তেজনার মাঝেই ‘ড্রাগন’-এর চোখে চোখ রেখে শক্তির জানান দিল ফিলিপিন্স (Philippines)। আর তাদের হাতিয়ার ভারতের তৈরি ভয়ঙ্কর সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’ (Brahmos)। ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা উদ্যোগের এক ঐতিহাসিক সাফল্য বলেই মনে করছে কূটনৈতিক মহল।
আরও পড়ুন: SIR Protest : ঠাকুরনগরে এসআইআরের বিরুদ্ধে অনশন চরমে, মঞ্চেই অসুস্থ তিন অনশনকারী
সম্প্রতি ফিলিপিন্স (Philippines) মেরিন কর্পসের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ব্রহ্মস ব্যাটারির মোতায়েনের ভিডিও প্রকাশ্যে আনে ম্যানিলা। এতে দেখা যায়, পশ্চিম লুজন অঞ্চলে স্থাপিত হয়েছে এই ভয়ঙ্কর অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম। ফিলিপিন্সের (Philippines) কোস্টাল ডিফেন্স রেজিমেন্টের অ্যান্টি-শিপ মিসাইল ব্যাটালিয়ন এখন থেকে এই ব্যাটারি পরিচালনা করবে। উপকূলীয় প্রতিরক্ষা এবং নৌবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক মাইলফলক।
প্রসঙ্গত, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে। ঘণ্টায় প্রায় ৩,০০০ কিলোমিটার বেগে ছুটে ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে এটি। ২০২২ সালে ভারত ও ফিলিপিন্সের মধ্যে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয় তিনটি ব্যাটারি কেনার জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেটি বাস্তব রূপ পেল।
ফিলিপিন্সের (Philippines) এই পদক্ষেপ শুধুমাত্র প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি নয়, দক্ষিণ চিন সাগরে চীনের আধিপত্যের বিরুদ্ধে এক প্রকার সরাসরি বার্তা। স্কারবরো শোল দ্বীপকে ঘিরে ম্যানিলা ও বেজিংয়ের মধ্যে বিরোধ নতুন কিছু নয়। একসময় দুই দেশ প্রায় যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই ফিলিপিন্স এবার সমরাস্ত্র উন্নয়নে জোর দিচ্ছে। জানা গেছে, তারা আরও ৫০টি মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম, উপকূল থেকে ছোঁড়া যায় এমন মিসাইল ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার প্রক্রিয়ায় রয়েছে। মোট প্রকল্প খরচ প্রায় ৬,০০০ কোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগর শুধু একটি সামরিক সংঘাতের অঞ্চল নয় এটি আন্তর্জাতিক বাণিজ্যেরও এক গুরুত্বপূর্ণ রুট। তাই এই এলাকার নিয়ন্ত্রণ মানে কৌশলগতভাবে অর্ধেক এশিয়ার ওপর প্রভাব বিস্তার। সেই কারণেই চিন এই অঞ্চলকে নিজের প্রভাববলয়ে রাখতে চায়। কিন্তু ভারতের সহায়তায় ফিলিপিন্স এখন নতুন আত্মবিশ্বাসে বলীয়ান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
