নিউজ পোল ব্যুরো: ছত্তিশগড়ের (Chattisgarh) এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) যা বললেন, তাতে রীতিমতো আগুন লেগে গেল দেশের রাজনৈতিক অঙ্গনে। বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নাম ‘মুর্মা’ এবং প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) নাম ‘কোভিড’ বলে ফসকানোর জেরে বিজেপির (BJP) কড়া প্রতিক্রিয়া! কিন্তু প্রশ্ন উঠছে, এটা নিছক জিভ ফসকানো, নাকি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা?
আরও পড়ুন: Air India Controversy: আকাশপথে মৃত্যু আর মাটিতে লড়াই! ক্ষতিপূরণে ‘গতি’ নয়, ‘গড়িমসি’!
ছত্তিশগড়ের (Chattisgarh) বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে খাড়গে (Mallikarjun Kharge) বলেন, “বিজেপি (BJP) বলে ওরা মুর্মা, কোভিডকে রাষ্ট্রপতি বানিয়েছে। কেন? আমাদের জল, জঙ্গল ও জমি কেড়ে নিতে? সবকিছু আজ কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আদানি-আম্বানিরা সব দখল করে নিচ্ছেন।” এই বক্তব্যের পরই বিজেপির কড়া প্রতিক্রিয়া। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেছেন, খাড়গের মন্তব্য আদিবাসী এবং দলিত সমাজের প্রতি কংগ্রেসের ‘অন্তর্নিহিত বিদ্বেষ’ প্রকাশ করে। তার দাবি, “রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদেও কংগ্রেসের সম্মান নেই। এটাই কংগ্রেসের সংস্কৃতি।”
বিজেপির মন্তব্য, খাড়গের (Mallikarjun Kharge) এই মন্তব্য শুধু অশোভন নয়, আদতে এসসি-এসটি সম্প্রদায়ের প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গির নগ্ন প্রকাশ। শেহজাদ পুনাওয়ালা আরও বলেন, “প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি, কাউকে কংগ্রেস ছাড়ে না। আজ মুর্মু-জিকে অপমান, কাল সি.জে.আই বা অন্য সাংবিধানিক পদেও হামলা হবে।” যদিও কংগ্রেস এখনও পর্যন্ত খাড়গের মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একে ফসকানো বলে উড়িয়ে দেওয়া যাবে না। এমন মন্তব্য ভোটের মুখে দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা অনেকের। এই বিতর্কে আবারও স্পষ্ট, ভারতের রাজনৈতিক পরিবেশে ভাষার ভূমিকা কতটা সংবেদনশীল। প্রশ্ন একটাই—খাড়গের এই মন্তব্য দুর্ঘটনা, না পরিকল্পিত ‘মেসেজ পলিটিক্স’? সময়ই দেবে উত্তর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
