নিউজ পোল ব্যুরো: শীতকাল (Winter Tips) এলেই সর্দি-কাশি, গলা ব্যথা, জ্বর—এই সব সমস্যা যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। শহরে এখনও ঠিক জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও আচমকাই তাপমাত্রা ওঠানামা করছে। এর ফলে অনেকেই অসাবধান হয়ে পাতলা পোশাক পরছেন, আবার কেউ কেউ এখনও ঠান্ডা জলেই স্নান করছেন। আর তার ফলেই কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে নাক দিয়ে জল পড়া, চোখ জ্বালা, শুকনো কাশি কিংবা হালকা জ্বর।
আরও পড়ুন:Weight Loss : পাকাপাকি ওজন কমানোর সঠিক কৌশল
এই পরিস্থিতিতে বারবার ওষুধের উপর নির্ভর না করে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে ভিতর থেকে শক্ত করাই সবচেয়ে ভালো উপায়। আর সেই কাজে ঘরোয়া সহজ সমাধান হতে পারে তুলসী। প্রাচীনকাল থেকেই তুলসীকে আয়ুর্বেদে মহৌষধ হিসেবে মানা হয়। তুলসীর মধ্যে এমন অনেক উপাদান রয়েছে যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে।
অনেক বাঙালি বাড়িতেই শিশুদের সর্দিকাশিতে মধুর সঙ্গে তুলসীপাতা বেটে খাওয়ানোর চল আছে। তবে তুলসী শুধু এই ভাবেই নয়, আরও নানা রকম পানীয় হিসেবে খাওয়া যায়। শীতকালে (Winter Tips) নিয়মিত তুলসীর পানীয় খেলে শরীর ভিতর থেকে গরম থাকে এবং রোগবাসা বাঁধতে পারে না।
১. তুলসী-হলুদ চা
তুলসীর সঙ্গে হলুদ মিশিয়ে চা বানালে তা হয়ে ওঠে এক শক্তিশালী রোগনাশক পানীয়। হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ শরীরের প্রদাহ কমায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। সকালে বা সন্ধ্যাবেলায় এই চা খেলে সর্দি-কাশির ঝুঁকি অনেকটাই কমে।
২. শসা-তুলসীর ডিটক্স জল
যাঁরা চা বা গরম পানীয় খেতে পছন্দ করেন না, তাঁদের জন্য এটি দারুণ বিকল্প। একটি বোতলে জল নিয়ে তাতে কয়েক টুকরো শসা, কয়েকটি তুলসীপাতা ও সামান্য লেবুর রস দিয়ে রাখুন। সারা দিন ধরে এই জল অল্প অল্প করে খেলে শরীর ডিটক্স হয়, হজম শক্তি বাড়ে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা উন্নত হয়।
৩. তুলসী-মশলা চা
জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ ও সামান্য হলুদ দিয়ে জল ফুটিয়ে তার মধ্যে তুলসীপাতা দিন। স্বাদ ও উপকারিতা বাড়াতে মধু বা তালমিছরি দেওয়া যেতে পারে। এই চা দিনে দু’তিন বার খাওয়া যায়। এটি শরীরকে উষ্ণ রাখে, গলা পরিষ্কার রাখে এবং কাশির সমস্যা দ্রুত কমায়।
শীতের মরসুমে নিজেকে সুস্থ রাখতে খুব বেশি দামি খাবার বা ওষুধের দরকার নেই। ঘরের কোণায় থাকা তুলসীগাছই হতে পারে আপনার প্রাকৃতিক রক্ষাকবচ। রোজের ডায়েটে তুলসীকে জায়গা দিন, তাহলেই শীত কাটবে অনেক বেশি সুস্থভাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
