Mamata Banerjee: বছরশেষে উৎসবের বার্তা, নিজের লেখা গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা

নিউজ পোল ব্যুরো: বড়দিন (Christmas) উপলক্ষে আবারও নিজের সৃষ্টিশীলতার পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যান্য উৎসবের মতো ক্রিসমাসের আনন্দ ভাগ করে নিতে কলম ধরলেন বাংলার প্রশাসনিক প্রধান। নিজের লেখা একটি গান সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি রাজ্যবাসীসহ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং গানের মধ্য দিয়েই বিশ্বশান্তির বার্তা পৌঁছে দেন।

আরও পড়ুন: CV Anand Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, আগামী বছর থেকে নতুন পুরস্কারের ঘোষণা

প্রায় ৩ মিনিট ৫৩ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানটির ভিডিও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) নিজেই শেয়ার করেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। শান্তি, সম্প্রীতি ও মানবতার বাণীকে সামনে রেখে লেখা এই গানে প্রার্থনার আবহে উঠে এসেছে বিশ্বপিতার কাছে শান্তির আহ্বান। গানের কথায় ঘরে ঘরে শান্তির আলো জ্বালানোর আহ্বান যেমন রয়েছে, তেমনই রয়েছে সারা পৃথিবীতে শান্তি ও সৌহার্দ ছড়িয়ে পড়ার আকাঙ্ক্ষা।

গানটির ভিডিও চিত্রায়ণেও বিশেষ যত্ন নেওয়া হয়েছে। কলকাতার একাধিক পরিচিত জায়গার মনোরম দৃশ্য ফুটে উঠেছে এই ভিডিওতে। পাশাপাশি বড়দিনে শিশুদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাটানো কিছু মুহূর্তও দেখানো হয়েছে, যা গানটির আবেগকে আরও গভীর করেছে। কচিকাঁচাদের সঙ্গে তাঁর হাসিমুখ, উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার দৃশ্য দর্শকদের মন ছুঁয়ে যায়।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন প্রশাসনিক নেত্রী নন, তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তিত্ব। লেখালেখি, গান লেখা, সুর করা, ছবি আঁকা এই সমস্ত সৃজনশীল কাজের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই যুক্ত। সারা বছর নানা সময়ে তাঁর এই শিল্পীসত্তা প্রকাশ পায়। দুর্গাপুজোর সময় বিভিন্ন পুজো উদ্যোক্তাদের অনুরোধে একাধিক পুজোর গান লিখেছিলেন তিনি। চলতি বছর কালীপুজোতেও তাঁর লেখা একটি গান প্রকাশিত হয়, যা যথেষ্ট আলোচনার জন্ম দেয়। এমনকি ভ্রাতৃদ্বিতীয়ার মতো পারিবারিক উৎসবেও নিজের লেখা গানের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

ক্রিসমাসেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। বছর শেষের উৎসবের আবহে যখন রাজ্যবাসী আনন্দে মেতে উঠেছেন, তখন গানের মাধ্যমে তাঁদের শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই উদ্যোগে উৎসবের আনন্দের সঙ্গে যুক্ত হল মানবতার এক গভীর আবেদন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole