নিউজ পোল ব্যুরো: এক মুহূর্তে যাত্রার প্রস্তুতি, আর পরের মুহূর্তেই ঘোষণা—ফ্লাইট বাতিল। সোমবার সন্ধ্যায় দিল্লির আকাশে যখন সূর্য ডোবার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটল এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। যান্ত্রিক ত্রুটির জেরে এয়ার ইন্ডিয়ার কলকাতাগামী ফ্লাইট AI2403-এর উড্ডয়ন শেষ মুহূর্তে স্থগিত করে দিতে হয়। বিমানে ছিলেন প্রায় ১৬০ জন যাত্রী।
সূত্রের খবর, সন্ধ্যা ৭:৩০ নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি এয়ারবাস A321 মডেলের বিমান দিল্লি থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল। ফ্লাইটটি ট্যাক্সি বেতে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পাইলট ককপিটে যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পান। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলটরা সঙ্গে সঙ্গে উড্ডয়নের সিদ্ধান্ত থেকে সরে এসে ট্যাক্সি বেতেই ফিরে আসেন এবং বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-কে জানান।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, “বিমানে ধরা পড়া প্রযুক্তিগত সমস্যার কারণে আজ সন্ধ্যার পরের ফ্লাইট AI2403-এর উড্ডয়ন স্থগিত করা হয়েছে। আমাদের ককপিট ক্রু প্রোটোকল মেনে তাৎক্ষণিকভাবে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়।”
সমস্ত যাত্রী নিরাপদে বিমান থেকে নামেন এবং গ্রাউন্ড স্টাফদের তরফ থেকে সহায়তা পান। যাত্রীদের অনাকাঙ্ক্ষিত এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি আরও জানিয়েছে, “আমাদের কাছে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যই সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, এয়ার ইন্ডিয়া তার দায়িত্ব পালন থেকে কখনও সরে আসবে না।” এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক অসন্তোষ তৈরি হলেও, সতর্কতামূলক এই পদক্ষেপ আবারও মনে করিয়ে দিল—আকাশপথে নিরাপত্তা আপসের জায়গা নয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
