নিউজ পোল ব্যুরো: ভারতীয় রাজনীতির অভিজ্ঞ সেনানী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ৮৩ বছর বয়সি এই প্রবীণ নেতার বার্ধক্যজনিত সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে হঠাৎ করে তীব্র জ্বর ও পায়ে অসহ্য যন্ত্রণা। যার জেরে মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর (Bengaluru) এমএস রামাইয়্যা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
আরও পড়ুন: Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, সেবু শহরে ধ্বংসযজ্ঞ, মৃত্যু কমপক্ষে ৩১ জন
দলের সূত্র অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই খাড়গের (Mallikarjun Kharge) শরীর খারাপ হতে শুরু করে। জ্বরের তীব্রতা এবং পায়ের ব্যথা এতটাই বেড়ে যায় যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার শারীরিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
যদিও হাসপাতালের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক হেলথ বুলেটিন প্রকাশ করা হয়নি, তবে কংগ্রেসের এক প্রবীণ নেতা আশ্বস্ত করে জানিয়েছেন, “তিনি এখন স্থিতিশীল রয়েছেন, চিন্তার কিছু নেই।” তবে এই অসুস্থতা খাড়গের আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রভাব ফেলতে পারে। আগামী ৭ অক্টোবর নাগাল্যান্ডের কোহিমায় একটি বড়সড় রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। ‘সুস্থ গণতন্ত্র’ নামের এই কর্মসূচিতে বেকারত্ব, সড়ক যোগাযোগ, ও সুশাসনের মতো ইস্যু নিয়ে ১০ হাজারেরও বেশি মানুষের জমায়েত হওয়ার কথা।
সমাবেশ শেষে খাড়গের (Mallikarjun Kharge) জেলার কংগ্রেস (Congress) নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও ছিল। কিন্তু তার হঠাৎ অসুস্থতায় সেই কর্মসূচি আপাতত অনিশ্চয়তায় পড়েছে। নাগাল্যান্ড কংগ্রেস সভাপতি সুপোংমেইরেন জামিরও জানিয়েছেন, খাড়গের সুস্থতা নির্ভর করছে তার সফরসূচির উপর। রাজনীতির ব্যস্ততা ও বয়সজনিত স্বাস্থ্য সমস্যা মিলিয়ে নেতার বিশ্রামের প্রয়োজন, এ কথা সকলেই মানছেন। তবে তার দ্রুত সুস্থতা কামনায় দলের অন্দরে প্রার্থনা শুরু হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
