CV Anand Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, আগামী বছর থেকে নতুন পুরস্কারের ঘোষণা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘ দুই বছর পর আয়োজিত এই সমাবর্তন ঘিরে ছিল বিশেষ উৎসাহ ও আলোচনার আবহ। অনুষ্ঠানমঞ্চ থেকেই রাজ্যপাল (CV Anand Bose) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, আগামী বছর থেকে রাজভবন তথা ‘লোকভবন’-এর উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতিদের জন্য বিশেষ পুরস্কার চালু করা হবে। তাঁর কথায়, এই পুরস্কারের মাধ্যমে ছাত্রছাত্রী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়া হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: নতুন বছরে গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক ও একাধিক প্রকল্পের উদ্বোধন

রাজ্যপাল (CV Anand Bose) জানান, মোট সাতটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হবে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, শিক্ষক, নন-টিচিং স্টাফ এবং প্রশাসনিক কর্মীরা। প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য হবে ২৫ হাজার টাকা। যদিও কোন কোন নির্দিষ্ট ক্ষেত্রে বা কী ধরনের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী বছরের সমাবর্তন থেকেই এই পুরস্কার প্রদান শুরু হবে বলে তিনি স্পষ্ট করেন।

সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল (CV Anand Bose) আচার্য হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের ডিগ্রি ও সম্মান প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধের কথাও তুলে ধরেন। তবে অনুষ্ঠানের দিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় এসএফআই এবং ডিএসও-সহ একাধিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। ছাত্র সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ফান্ড কাটের প্রতিবাদে গেটের বাইরে এই বিক্ষোভ চলতে থাকে।

সমাবর্তন শেষ হওয়ার পর রাজ্যপাল নিজে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের কথা শোনেন। ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাঁকে স্মারকলিপিও দেওয়া হয়। এই প্রসঙ্গে সিভি আনন্দ বোস বলেন, প্রতিবাদ করা ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার এবং সেই অধিকারকে তিনি সম্মান করেন। তিনি আরও জানান, রাজভবন এখন আর কেবল প্রশাসনের জায়গা নয়, এটি ‘লোকভবন’। যে কোনও সময় ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে তাঁদের দাবি ও সমস্যার কথা জানাতে পারেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি আলোচনার পথ খোলা রাখার বার্তাই দেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole