ED : ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় ইডির তলব, চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে ফের সক্রিয় ইডি (ED)। শহর থেকে জেলা সব জায়গাতেই জোরদার হয়েছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এবার ফের রেশন দুর্নীতি মামলায় ইডির (ED) নজরে উঠে এলেন চাল ব্যবসায়ী বারিক বিশ্বাস (Ration Scam)। তাকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থার দাবি, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত বারিক বিশ্বাসের ভূমিকা এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এর আগেও ২০২৪ সালের অগাস্ট মাসে ইডি (ED) তার একাধিক বাড়ি, ফ্ল্যাট এবং ব্যবসায়িক স্থানে তল্লাশি চালায়। সেই সময় তার কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল বলে জানা যায়। পাশাপাশি তার রাইস মিল থেকে গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা, যা রেশন দুর্নীতির অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত বলে সন্দেহ।

আরও পড়ুন: HUID : যুদ্ধের আঁচে বাড়ছে সোনার দাম, গয়না কিনতে ঠকছেন না তো? HUID নম্বরেই মিলবে আসল-নকলের হদিশ

ইডি সূত্রে খবর, বারিক বিশ্বাসের বিরুদ্ধে বাংলাদেশে গম ও চাল পাচারের (Smuggling) চেষ্টার অভিযোগও উঠেছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা যুক্ত, কার মাধ্যমে সীমান্ত পেরিয়ে খাদ্যশস্য পাচার করা হত, এবং আন্তর্জাতিক স্তরে কোনও যোগাযোগ ছিল কি না এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই তাকে আবার তলব করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও সোনা ও গরু পাচার মামলায় বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল। একাধিকবার তার সম্পত্তিতে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ফলে তদন্তকারীদের সন্দেহ, একাধিক বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে তার যোগ থাকতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

ভোটের আগে এই তৎপরতা নতুন করে রাজনৈতিক মহলেও জল্পনা তৈরি করেছে। যদিও ইডির (ED) তরফে জানানো হয়েছে, তদন্ত সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই চলছে এবং নতুন তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বারিক বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রেশন দুর্নীতি মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে তদন্তকারী মহল।