শুভম দে: ভারতের দাবার ইতিহাসে লেখা হয়ে গেল এক নতুন অধ্যায়। প্রথমবার মহিলা দাবা বিশ্বকাপ জিতলেন কোনও ভারতীয় — তাও আবার ১৯ বছর বয়সি এক তরুণী! দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। তাঁর আগ্রাসী খেলায় হার মানতে বাধ্য হলেন দেশের অন্যতম সেরা দাবাড়ু, ৩৮ বছর বয়সি কোনেরু হাম্পি। সোমবার টাইব্রেকারে চূড়ান্ত জয় ছিনিয়ে নিয়ে বিশ্বসেরার মুকুট পরলেন নাগপুরের এই কিশোরী।
আরও পড়ুন: England vs India: ইংরেজদের ঘৃণ্য প্রচেষ্টায় জল ঢেলে ম্যাঞ্চেস্টারে ‘সুন্দর’ সমাপ্তি
মহিলাদের দাবা বিশ্বকাপে যে ভারত থেকেই চ্যাম্পিয়ন হতে চলেছে তা ঠিক হয়ে গিয়েছিল আগেই। দুই ভারতীয়ই উঠেছিলেন ফাইনালে — হাম্পি এবং দিব্যা (Divya Deshmukh)। ফাইনালে দুই ক্লাসিক্যাল গেম ড্র হয়ে যাওয়ায় ম্যাচ গড়ায় র্যাপিড টাইব্রেকারে। সেখানেই নির্ধারিত হয় দুই ভারতীয় নারীর ভাগ্য। প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে ‘পেট্রভ’স ডিফেন্স’ খেলে দিব্যা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। দ্রুত চাল বিনিময়ের পর বুঝে যান, আপাতত জেতা সম্ভব নয় — তাই ড্র মেনে নেন দুই প্রতিযোগী।

কিন্তু নাটক জমে দ্বিতীয় র্যাপিড গেমে। এবার হাম্পি সাদা ঘুঁটিতে শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। দিব্যা (Divya Deshmukh) ছিলেন কালো ঘুঁটি নিয়ে, কিন্তু জয় ছাড়া আর কিছুই ভাবছিলেন না তিনি। হাম্পির তুলনায় দিব্যা অনেক দ্রুত চাল চালছিলেন। সময়ের ব্যবধান বাড়তে থাকে। একটা সময় দেখা যায়, দিব্যা ঘড়িতে প্রায় ৮ মিনিট এগিয়ে। বিপরীতে, হাম্পির সময় ফুরোতে থাকে।
চাপের মুখে, সময় কমে আসাই একসময় ভুল চাল করে বসেন হাম্পি — সেখানেই বাজিমাত করেন দিব্যা। ৩৪তম চালের পর পরাজয় স্বীকার করতে বাধ্য হন হাম্পি। বিজয়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি দিব্যা। জড়িয়ে ধরেন মা’কে। চোখের জলে ভেসে যায় ইতিহাস গড়ার মুহূর্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=9aaVqmzW2mVszX7E
দিব্যার এই জয় ভারতীয় দাবায় নতুন দিশা দেখাবে— সন্দেহ নেই। বিশ্বজয়ের যাত্রা শুরু করলেন যে কিশোরী, তাঁর হাত ধরে অনুপ্রাণিত হবে আগামী প্রজন্ম। আজকের দিন তাই শুধুই দিব্যার নয় আসমুদ্র হিমাচলের।
